দক্ষিণ এশিয়ার মধ্যে ক্রমবর্ধমান অর্থনীতির শীর্ষে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার মধ্যে ক্রমবর্ধমান অর্থনীতির শীর্ষে বাংলাদেশ।

বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায় দক্ষিণ এশিয়ায় সবার উপরে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গেল অর্থবছরে বাংলাদেশের আনুমানিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ। একই সময়ে ভারতের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ আর পাকিস্তানের ৫ দশমিক ৮ শতাংশ।
বিশ্বব্যাংক অনুমান করছে, বিনিয়োগ বৃদ্ধিসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে চলতি বছরে দক্ষিণ এশিয়া অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে ৭ দশমিক ১ শতাংশে গিয়ে দাঁড়াবে। আর বাংলাদেশে ক্রমবর্ধমান শক্তিশালী অর্থনৈতিক কার্যক্রমও অব্যাহত থাকবে।

বিশ্ব ব্যাংক বলছে, ২০১৮-১৯ অর্থবছরে ভারতের আনুমানিক প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৩ শতাংশ। তবে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হতে পারে। ফলে এই অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ নিয়ে তুলে ধরা পর্যবেক্ষণে বিশ্বব্যাংক বলছে, ২০১৮ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল শক্তিশালী ব্যক্তিগত রেমিট্যান্স প্রবাহ। তবে ক্রমবর্ধমান হারে খাদ্য ও যন্ত্রপাতি আমদানি এবং দুর্বল রফতানির ফলে নিট রফতানি ছিল নেতিবাচক।

এদিকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ২০১৮-১৯ অর্থবছরে আনুমানিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৭ আর শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ।

Comments (0)
Add Comment