ভেনেজুয়েলার সেনাবাহিনী ও জনগণকে বিভক্ত করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সেনাবাহিনী ও জনগণকে বিভক্ত করছে যুক্তরাষ্ট্র।

সুবিখ্যাত মার্কিন ভাষাতাত্ত্বিক ও মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যুক্তরাষ্ট্রের এমআইটি’র প্রফেসর এমিরিটাস নোম চমস্কিসহ ৭০ জন বরেণ্য বুদ্ধিজীবী ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক খোলা চিঠিতে তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলাকে সংকটের চূড়ায় ঠেলে দিয়েছে। হুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসন সুস্পষ্টভাবে ভেনেজুয়েলার সংকটকে তীব্র করেছে। তারা ভেনেজুয়েলা সেনাবাহিনীকে বিভক্ত ও জনগণের মেরুকরণকে আরও তীব্র করতে কোনও একটি পক্ষকে বেছে নিতে বাধ্য করছে। এর সুস্পষ্ট এবং অনেক সময় বর্ণিত লক্ষ্য হলো নিকোলাস মাদুরোকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করলেও মাদুরোর প্রতি এখনও সমর্থন ধরে রেখেছে সেদেশের সেনাবাহিনী। এমন বাস্তবতায় ভেনেজুয়েলায় অভ্যুত্থানের চেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলে উল্লেখ করেছেন চমস্কিসহ অন্য বুদ্ধিজীবীরা।

খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘মার্কিন সরকারকে অবশ্যই ভেনেজুয়েলার সরকার উৎখাতের উদ্দেশে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে করতে হবে। ট্রাম্প প্রশাসন এবং এই গোলার্ধে তাদের মিত্ররা মিলে ভেনেজুয়েলার পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। যা মানুষকে অপ্রয়োজনীয় দুর্ভোগ, সহিংসতা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে।’

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বুদ্ধিজীবীদের খোলা চিঠিতে মাদুরোবিরোধী মার্কিন কৌশলের কারণেই সহিংসতা বাড়ার কথা ব্যাখ্যা করে দেখানো হয়েছে। ওই মার্কিন কৌশল ভেনেজুয়েলার রাজনৈতিক ক্রীড়নকদের মধ্যে মেরুকরণ বাড়িয়ে দিতে পারে বলেও খোলা চিঠিতে মন্তব্য করেছেন তারা। চিঠিতে লেখা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মেরুকরণ জোরালো হয়েছে। এর একটি কারণ হলো নির্বাচন বর্হিভূত উপায়ে নিকোলাস মাদুরোর সরকারকে সরানোর লক্ষ্যে বিরোধীদের একটি কৌশলে যুক্তরাষ্ট্রের সমর্থন। মাদুরোবিরোধীরা ভোটের প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সহিংস বিক্ষোভ ও সামরিক অভ্যুত্থানের মতো উপায়ে মাদুরো সরকারকে উৎখাত করতে চাইছে। কট্টর বিরোধীদের এই লক্ষ্য অর্জনে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলায় চলমান অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ দায়ী বলে ওই খোলা চিঠিতে মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার উচ্চ মুদ্রাস্ফীতি, খাবার ও ওষুধ সংকটকে ভয়াবহ করেছে, তেল উৎপাদনে ধস ও অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে।

ভেনেজুয়েলায় অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন সহযোগিতার সমর্থনকারী আন্তর্জাতিক পক্ষগুলোর সমালোচনা করেছেন বুদ্ধিজীবীরা। সতর্কতা জানিয়েছে তারা চিঠিতেবলেছেন, এই সমর্থনের ফল রক্তপাত, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা হতে পারে।

খোলা চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভেনেজুয়েলার সরকার এবং বিরোধীদের মধ্যকার আলোচনায় সমর্থনের আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ‘ওই আলোচনার লক্ষ্য হবে দেশটির বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার যথার্থ সমাধান খোঁজা। ভেনেজুয়েলার কোনও পক্ষই সহজেই অপর পক্ষকে খারিজ করতে পারে না। উদাহরণ হিসেবে, সেনাবাহিনীর কমপক্ষে দুই লাখ ৩৫ হাজার পদাতিক সেনা এবং সশস্ত্র বাহিনীর ১৬ লাখ সদস্য রয়েছে। এসব মানুষের অনেকেই শুধু জাতীয় সার্বভৌমত্বের জন্য লড়াই করবে না। বিরোধীরা জোর করে সরকার উৎখাত করলে সম্ভাব্য নিপীড়নের হাত থেকে নিজেদের রক্ষা করতে চাইবে তারা। এমন পরিস্থিতিতে আলোচনাই সমাধানের একমাত্র পথ। এবং এই আলোচনার আহ্বান হতে হবে ভেনেজুয়েলার জনগণ, এই অঞ্চল এবং জাতীয় সার্বভৌমত্বের নীতির ভিত্তিতে’।

Comments (0)
Add Comment