যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থী আটকে ভারত সরকারের ক্ষোভ

যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থী আটকে ভারত সরকারের ক্ষোভ।

ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্র যাওয়ার পর গ্রেপ্তার ১২৯ নাগরিকের মুক্তিতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারত।
বিবিসি জানায়, ওই ১২৯ শিক্ষার্থী মিশিগান অঙ্গরাজ্যে দ্য ইউনিভার্সিটি অব ফারমিংটন নামে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।

পরে জানা যায়, বাস্তবে ওই নামে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। বহু ব্যবহৃত ‘পে-টু-স্টে’ অভিবাসন প্রতারণার মুখোশ উন্মোচন করতে যুক্তরাষ্ট্রের ডিপার্টেমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ছদ্মবেশী এজেন্টরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এই ফাঁদ পেতেছিলেন।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, বিশ্ববিদ্যালয়টি ভুয়া জেনেও গ্রেপ্তার ব্যক্তিরা ভর্তি হয়েছেন।

অন্যদিকে ভারতীয় কর্মকর্তাদের দাবি, তাদের শিক্ষার্থীরা নিজেরাই প্রতারণার শিকার হয়ে হয়তো না জেনে ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

ভারতের বহিঃসম্পর্ক মন্ত্রণালয় শনিবার রাজধানী দিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এ বিষয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে বলে জানায় বিবিসি।

ওই প্রতিবাদ লিপিতে গ্রেপ্তার শিক্ষার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশপাশি তাদের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের দেখা করতে দেওয়ার দাবি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সেখানেই থেকে যেতে চাওয়া বিদেশিদের পাকড়াও করতে ২০১৫ সালে ওই ভুয়া বিশ্ববিদ্যালয়ের নামে একটি ওয়েবসাইট চালু করা হয়।

ওয়েব সাইটে শিক্ষার্থীরা ক্লাস করছে, লাইব্রেরিতে কাজ করছে, সবুজ ক্যাম্পাসে গল্প করছে এমন বেশ কয়েকটি ছবি দেওয়া হয়।

বিজ্ঞাপনে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রতিবছর টিউশন ফি সাড়ে ৮ হাজার মার্কিন ডলার এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১১ হাজার মার্কিন ডলার ফি’র কথা বলা হয়।

Comments (0)
Add Comment