রোনাল্ডো-দিবালা নৈপুণ্যে জুভেন্টাসের জয়

রোনাল্ডো-দিবালা নৈপুণ্যে জুভেন্টাসের জয়।

চিরচেনা ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। গোলের দেখা পেলেন নিজেকে খুঁজে ফেরা পাওলো দিবালা। সেই সঙ্গে দুজনই রাখলেন সতীর্থের গোলে অবদান। তাদের নৈপুণ্যে ফ্রোসিনোনের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জুভেন্টাস। সিরি আ’য় প্রতিপক্ষতে ৩-০ গোলে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে নিজেদের ডেরায় ফ্রোসিনোনকে আতিথ্য দেয় জুভেন্টাস। শুরুতেই অতিথিদের চেপে ধরেন স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে সফল নিশানাবাজিতে দলকে লিড এনে দেন দিবালা। তাতে ছিল রোনাল্ডোর আলতো ছোঁয়া। এ নিয়ে ইতালি সেরা লিগে ১২ ম্যাচ পর জালের দেখা পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। এ গোলের নেপথ্য নায়ক দিবালা। তার কর্নারে দুরূহ কোণ থেকে মারিও মানজুকিচের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে পেয়ে বল জালে জড়ান লিওনার্দো বোনুচ্চি।
এতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তুরিনের বুড়িরা। পরে অব্যাহত থেকেছে তাদের আক্রমণের ধারা। প্রথমার্ধে আর না পেলেও দ্বিতীয়ার্ধের প্রথমভাগেই গোল পান তারা। ৬৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফর্মের মগডালে থাকা রোনাল্ডো। পেনাল্টি স্পটে মানজুকিচের পাস ধরে ঠিকানায় বল পাঠান তিনি। এ নিয়ে লিগে সর্বোচ্চ ১৯ গোল করলেন সিআর সেভেন।
তিন মিনিট পরই রোনাল্ডোকে তুলে ফেদেরিকো বের্নারদেস্কিকে নামান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ৮২ মিনিটে তার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে তা আলোর মুখ দেখেনি।
২৪ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৩।

Comments (0)
Add Comment