কাতারে বাড়ছে বাংলাদেশি সবজির চাহিদা।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বেড়েছে বাংলাদেশি সবজির চাহিদা। বাংলাদেশ থেকে সপ্তাহে পাঁচ দিন কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার কেজি সবজি ও কাঁচামাল রপ্তানি হয় বলে জানা যায়।
বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে এই সবজির চাহিদা বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে, জঙ্গি মদদ দেয়ার অভিযোগে কাতারের সাথে সৌদিসহ পাশের দেশগুলোর সম্পর্ক ছিন্ন হওয়া।
এদিকে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কাতারের মার্কেটগুলোতে বাংলাদেশের তরতাজা পটল, কাঁকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, কচুর লতি, লম্বা বেগুন, লেবু, আলু, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি দেখলে ক্রেতারা এমনিতে আকৃষ্ট হয়ে যায়।
তাছাড়া বাংলাদেশ থেকে আরো সহজে কাঁচামাল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি সবজি ব্যবসায়ীরা।
কাতারে পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলে ও সবজি ব্যবসায়ী হিসেবে তেমন কোন উদ্যোক্তা গড়ে ওঠেনি বলে মনে করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
সূত্র: প্রবাস কথা