প্রকল্পটির আওতায় নতুনবাজার, গুলশান-১ ও ২, হাতিরঝিল, নিকেতন এবং বারিধারায় মোট ১০০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ছাড়াও ফেস ডিটেকশন, ভেহিকেল ট্র্যাকিং, ট্রাফিক কন্ট্রোল, অটো নম্বর প্লেট ডিটেকশন ও ক্রিমিনাল ডিটেকশন করা যাবে বলে জানিয়েছে আয়োজকরা। প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক বলেন, আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নগরের যানজট ও নিরাপত্তা রক্ষা করা আমার নির্বাচনী ইশতেহারেও ছিল।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জননিরাপত্তায় নেওয়া যেকোনো উদ্যোগের পাশে পুলিশ সহায়তা করবে। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে গুলশানের বাসিন্দারা অসম্ভবকে সম্ভব করলো। পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, আমাদের মূল লক্ষ্য পুলিশ-জনগণের মধ্যে পার্টনারশিপ বজায় রাখা। এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।