সিসি ক্যামেরার আওতায় গুলশান-বারিধারা

cc vamaraরাজধানীর গুলশান, বারিধারা ও নিকেতন এলাকার সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর এগুলো মনিটরিং করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ প্রকল্পের আওতায় গুলশান জোনে ৭০০টি ক্যামেরা বসানো হবে বলেও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান গুলশানের ল অ্যান্ড অর্ডার কো-অরডিনেশন কমিটি। কমিটিতে গুলশান থানা পুলিশ ছাড়াও রয়েছে গুলশান, বারিধারা ও নিকেতন সোসাইটি। গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিসি ক্যামেরার প্রকল্পটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রকল্পটির আওতায় নতুনবাজার, গুলশান-১ ও ২, হাতিরঝিল, নিকেতন এবং বারিধারায় মোট ১০০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ছাড়াও ফেস ডিটেকশন, ভেহিকেল ট্র্যাকিং, ট্রাফিক কন্ট্রোল, অটো নম্বর প্লেট ডিটেকশন ও ক্রিমিনাল ডিটেকশন করা যাবে বলে জানিয়েছে আয়োজকরা। প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক বলেন, আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নগরের যানজট ও নিরাপত্তা রক্ষা করা আমার নির্বাচনী ইশতেহারেও ছিল।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জননিরাপত্তায় নেওয়া যেকোনো উদ্যোগের পাশে পুলিশ সহায়তা করবে। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে গুলশানের বাসিন্দারা অসম্ভবকে সম্ভব করলো। পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, আমাদের মূল লক্ষ্য পুলিশ-জনগণের মধ্যে পার্টনারশিপ বজায় রাখা। এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.