ভারতের আর্মি ক্যাপ পরা নিয়ে যা বলল আইসিসি

ভারতের আর্মি ক্যাপ পরা নিয়ে যা বলল আইসিসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে রাঁচিতে আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কাশ্মীর হামলায় নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ অভিনব উদ্যোগ গ্রহণ করেন তারা। বিষয়টি আলোড়ন ফেললে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। চিরশত্রু পড়শীদের শাস্তি চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দাবি জানায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘটনার পর মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে সেই প্রেক্ষিতে কথা বলেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়েই আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিলেন বিরাট কোহলিরা। একইসঙ্গে ওই খেলার ম্যাচ ফি সেনাদের পরিবারকে দান করার অনুমতিও নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
গেল ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় তথাকথিত পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ভারতের ৪০ সেনা নিহত হন। এরপর দুই দেশের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রভাব পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের ক্রিকেট ক্ষেত্রেও। এ ঘটনায় আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি জানায় ভারত। এ নিয়ে আইসিসিকে চিঠি লেখে বিসিসিআই। তবে তাতে পাত্তা দেয়নি বৈশ্বিক ক্রিকেটের অভিভাবক সংস্থা।
সেই জের না কাটতেই আর্মি টুপি পরে মাঠে নামেন ভারতীয় ক্রিকেটাররা। এর তীব্র প্রতিবাদ জানান পাকিস্তানের মন্ত্রীপর্যায়ের ব্যক্তিত্ব ও ক্রিকেট সংশ্লিষ্টরা। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নিষিদ্ধের দাবি জানান তারা। আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে নালিশও জানায় পিসিবি।
সেই নালিশের উত্তরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, অনুমতি নিয়েই ওই ম্যাচে আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। একইসঙ্গে ওই ম্যাচের ফি নিহতদের পরিবারকে দেয়ার ব্যাপারেও অনুমতি নিয়েছিল দেশটির বোর্ড। যেন পরপারে পাড়ি জমানো সেনাদের ছেলেমেয়েদের পড়াশোনার কোনো সমস্যা না হয়।
আইসিসির জনসংযোগ বিভাগের প্রধান ক্লেইরি ফার্লং বলেন, রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জংলা রংয়ের সেনাবাহিনীর টুপি পরে খেলতে নামার অনুমতি আগেই নিয়ে রেখেছিল বিসিসিআই। এছাড়া সেই ম্যাচের ফি সেনাদের দান করার অনুমতিও নিয়েছিল। দুটি ক্ষেত্রেই আইসিসি অনুমতি দিয়েছে। বিষয়টিকে দাতব্য উদ্যোগ হিসেবে দেখছে সংস্থা।
তবে নাছোড়বান্দা পিসিবি। পিছু হটছেন না পার্ক বোর্ড কর্তারা। ঘটনাটি ভালো করে তদন্তের দাবি জানিয়েছেন তারা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসিকে দিয়ে বিসিসিআইকে শাস্তি দেয়াতে পারেন কি না! কারণ, এর আগে প্রায় একই কারণে শাস্তি পেয়েছেন ইংলিশ ক্রিকেটার মইন আলি ও প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির।

Comments (0)
Add Comment