মসজিদে হামলার দায়ভার নিতে চান না ডোনাল্ড ট্রাম্প

মসজিদে হামলার দায়ভার নিতে চান না ডোনাল্ড ট্রাম্প।

নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিজেকে নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে এবার মিডিয়ার ওপর ক্ষুব্ধ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিডিয়া এ হামলার দায়ভার তার ওপর চাপানোর ‘হাস্যকর চেষ্টা’ করছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মিথ্যা সংবাদ ছড়ানো অনেক মিডিয়া নিউজিল্যান্ড হামলায় দায়ভার আমার ওপর চাপানোর জন্য সব ধরনের চেষ্টা করছে। এটা প্রমাণিত করতে তাদের অনেক কাঠখড় পোহাতে হবে। এটা হাস্যকর!’
গত শুক্রবার ক্রাইস্টচার্চের হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, এটি অত্যন্ত ভয়াবহ হামলা। বন্ধুকধারীদের হামলাকে ‘ভয়ঙ্কর হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করলেও তাতে মুসলিম শব্দটি পর্যন্ত উল্লেখ করেননি তিনি।
ওই টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘মসজিদের ভেতর এই জঘন্য হত্যাকাণ্ডের পর নিউজিল্যান্ডের জনগণকে আমার সবচেয়ে গভীর সমবেদনা এবং শুভকামনা। এতে ৪৯ নিষ্পাপ ব্যক্তি নির্মমভাবে মারা যান এবং অনেক লোকজন মারাত্মক আহত হন। যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডের পাশে দাঁড়িয়ে যে কোনো কিছু করতে পারে। স্রষ্টা সবার মঙ্গল করুন।’
টুইটে তার শব্দচয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।
অনেকে বলছেন, সাধারণত এ ধরনের সন্ত্রাসী হামলায় (বিশেষ করে যেসব হামলায় মুসলিম কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা থাকে) ‘terrorist’ ‘terror attack’ ‘terrorist attack’ ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকেন ট্রাম্প। কিন্তু শুক্রবারের ঘটনার ক্ষেত্রে– যার হামলাকারী নিজেকে ট্রাম্পের শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী রাজনীতির একজন সমর্থক হিসেবে পরিচয় দিয়েছে– এ ধরনের কোনো শব্দ ব্যবহার করেননি।
হামলার ঘটনায় কোনো মুসলিম জড়িত থাকলে সেই হামলাকে ‌‘ইসলামিক টেররিজম’ বলতেই পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু স্বঘোষিত শ্বেতাঙ্গ উগ্রপন্থী সন্ত্রাসীর হামলাকে ‘white supremacist terror’ বলতে নারাজ তিনি। এমনকি হামলায় কে বা কারা জড়িত তাদের আদর্শিক পরিচয় কী- সে বিষয়েও কোনো ইঙ্গিত বা নিন্দা ছিল না তার টুইটে।
এরপর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ কোনও সমস্যা নয় বলে মন্তব্য করেও সমালোচিত হয়েছিলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। ভয়াবহ এ হামলার পরও ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ’ নিয়ে কোনও মন্তব্য না করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ট্রাম্পের এমন দ্বিচারিতা নিযে লেখালেখি করায় এবার মিডিয়ার ওপরই ক্ষোভ ঝাড়লেন তিনি।

Comments (0)
Add Comment