রেকর্ড করেই হোঁচট খেলো ‘কলঙ্ক’।
চলতি বছরের অন্যতম আলোচিত বলিউড সিনেমা ‘কলঙ্ক’। ১৭ এপ্রিল ভারতে প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহা অভিনীত এই সিনেমা।
একই ছবিতে এত তারকা, তার উপর ছবিতে পুরনো প্রেমিক-প্রেমিকার ফের একবার পর্দায় ফেরা; ছবির গল্প সব মিলিয়ে এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল প্রবল। তাই ছবিটি মুক্তি পেতেই হলমুখী হয়েছিলেন দর্শকরা। অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে ফেলেন। বক্স অফিসেও প্রথম দিনের আয়ে রেকর্ড করে ‘কলঙ্ক’।
প্রথম দিনে রেকর্ড করলেও পরেরদিনই হোঁচট খেয়েছে ছবিটি। প্রথম দিন বুধবার ছবিটির আয় হয় ২১.৬০ কোটি রুপি (শুধুমাত্র ভারতে)। আর দ্বিতীয় দিন বৃহস্পতিবার ছবিটি আয় করে ১১.৪৫ কোটি রুপি এবং তৃতীয় দিন শুক্রবার ছবিটি আয় করে ১১.৬০ কোটি রুপি (শুধুমাত্র ভারতে)। শনিবার সিনেমা বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এক টুইট বার্তায় এ তথ্য জানান।
এদিকে ওপেনিংয়ে সর্বোচ্চ আয়ের তালিকার শির্ষে জায়গা করে নিয়েছে ‘কলঙ্ক’। এর আগে ওপেনিংয়ে সর্বোচ্চ আয়ের তালিকার শির্ষে ছিলো অক্ষয় কুমারের ‘কেসারি’ সিনেমা।
১৯৪০ সালের পটভূমিতে তৈরি হয়েছে ‘কলঙ্ক’ ছবিটি। এই ছবিটি মূলত করণ জোহরের বাবা খ্যাতনামা পরিচালক ও প্রযোজক যশ জোহরের স্বপ্নের ছবি ছিলো। তিনিই এই ছবিটি বানানোর পরিকল্পনা করেছিলেন। সেসময় শাহরুখ-রানি, অজয়-কাজলকে নিয়ে এই ছবিতে কাজ করার পরিকল্পনা করেন যশ জোহর।
যদিও তার মৃত্যুর পর এই ছবির কাজ আর শুরু হয়নি। পরবর্তীতে করণ জোহর এই ছবির কাজে হাত দেন। তৈরি হয় ‘কলঙ্ক’। যা ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে। করণের ধর্মা প্রোডাকশন ছাড়াও স্টার ফক্স স্টুডিও ও নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ছবিটির প্রযোজনা করে।