হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের দৌঁড়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে গেছে চীন। শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা দুই দেশের সামরিক অস্ত্র সক্ষমতা নিয়ে এমনটাই ধারণা করছেন বলে এক প্রতিবেদনে জানা গেছে।

গতি, উচ্চতা এবং ছুটে চলার সময়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় এসব ক্ষেপণাস্ত্রের অবস্থান নির্ণয় এবং তা প্রতিরোধ করা কষ্টসাধ্য। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘণ্টায় শব্দের চেয়ে পাঁচগুণেরও বেশি গতিতে অর্থাৎ প্রায় ৬ হাজার ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
এসব ক্ষেপণাস্ত্রের কোনোটি ঘণ্টায় ২৫ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলেই ধারণা করছেন মার্কিন এবং পশ্চিমা অস্ত্র গবেষকরা। অর্থাৎ এর গতি হবে আধুনিক যাত্রীবাহী জেট বিমানের চেয়ে ২৫ গুণ বেশি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন কমান্ডের সাবেক প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস গত বছরের ফেব্রুয়ারিতে বলেন, অত্যাধুনিক প্রযুক্তির যেসব ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিতে শুরু করেছে তার একটি হাইপারসনিক অস্ত্র।

তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র কমিটিতে দেয়া বক্তব্যে তার এমন ধারণার কথা জানান। তিনি বলেন, ‘এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারকেও পেছনে ফেলে দিচ্ছে চীন।’

চীন ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কিংবা করার পর্যায়ে রয়েছে। গত এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা গবেষণা এবং প্রকৌশল বিষয়ক আন্ডার সেক্রেটারি মাইকেল গ্রিফিন এমন কথা বলেছেন।

Missile-2

তিনিও মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র কমিটিতে দেয়া বক্তব্যে এমন কথা বলেন। এ জাতীয় ক্ষেপণাস্ত্রে প্রচলিত বোমা বা ওয়ারহেড রয়েছে বলেও জানান তিনি। চীনের উপকূল থেকে এ সব ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

তিনি আরও বলেন, এতে মার্কিন অগ্রবর্তী ঘাঁটি এবং বিমানবাহী রণতরীগুলো হুমকিতে পড়েছে। গ্রিফিন হতাশার সঙ্গে বলেন, এ সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর কোনো ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের।

অপরদিকে রাশিয়া ইতোমধ্যে হাইপারসনিক অস্ত্র মোতায়েন করেছে। গত বছরে মে মাসে এক মহরায় অনুষ্ঠানে এটি প্রদর্শন করে দেশটি। তারও আগে এটাকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ক্ষেপণাস্ত্রকে অজেয় বলে মন্তব্য করেছিলেন।

Comments (0)
Add Comment