রাসেলের কট্টর সমালোচনায় শন পোলক।
কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে গেল শনিবার বেশ কিছু বাজে মন্তব্য করেন আন্দ্রে রাসেল। নিজ দল অনবরত হেরে চলায় গণমাধ্যমের সামনেই রাগ-ক্ষোভ উগরে দেন তিনি।
ক্যারিবিয়ান অলরাউন্ডারের সেসব কথাবার্তা ভীষণ দৃষ্টিকটু ঠেকেছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলকের কাছে। রাসেলের কট্টর সমালোচনা করেছেন তিনি।
এবারের আইপিএলের শুরুটা দুর্দান্ত ছিল কলকাতার। টুর্নামেন্টের সূচনালগ্নে পাঁচ ম্যাচের চারটি জিতলেও মাঝপথে খেই হারায় দলটি। পরে টানা ছয় ম্যাচ হেরে যাওয়ার পর নিজেকে সামলাতে পারেননি রাসেল। গণমাধ্যমের সামনে দলের প্রতি চড়াও হন চলমান আসরে দুর্দান্ত ফর্মে থাকা এ ক্রিকেটার।
রাসেলের মতে, ম্যানেজমেন্টের বাজে সিদ্ধান্ত ও বোলারদের বাজে পারফরম্যান্সের কারণেই দল হারছে। এ ছাড়া ঘরের মাঠে কলকাতা জিততে না পারলে বাইরে ভালো খেলবে কীভাবে? প্রশ্ন তোলেন তিনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ডহিটারের এসব কথাবার্তা পছন্দ হয়নি পোলকের। ক্রিকবাজকে তিনি বলেন, বাইরে থেকে বসে সংবাদ সম্মেলনটি দেখলে বোঝা যাবে এটি আসলে দলের জন্য কোনো কাজেই আসবে না। আমি মনে করি, কারও কোনো মন্তব্য করা কিংবা মতামত দেয়ার আগে সতর্ক হওয়া উচিত।
প্রোটিয়া কিংবদন্তি বলেন, গণমাধ্যমের সামনে সতীর্থরা ভালো খেলছেন না, বাইরের মাঠে ভালো করবেন না অথবা হারার পর আমি রুমে একা বসে থাকি বলি, তা হলে দল সেখান থেকে কিছুই পাবে না। এত সমস্যা থাকলে দলের ম্যানেজারের কাছে যাওয়া উচিত।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন রাসেল। ব্যাট হাতে এখন পর্যন্ত ১০ ইনিংসে করেছেন ৪০৬ রান। স্ট্রাইক রেট ২০৯.২৭। ১১ ম্যাচে চার জয় নিয়ে কলকাতা আছে পয়েন্ট তালিকার সাতে।