ফাইনালের পথে আয়াক্স

ফাইনালের পথে আয়াক্স।

চলতি মৌসুমে সবাইকে অবাক করে দেয়া ফুটবল খেলছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সবার অনুমান কিংবা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত করে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো দলকে বিদায় করে তারা উঠে এসেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।

এবার সেরা চারের লড়াইয়ের প্রথম লেগে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথেও এক পা এগিয়ে রাখল এরিক তেন হেগের শিষ্যরা।
মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠেই আয়াক্সকে স্বাগত জানায় টটেনহ্যাম। পুরো ম্যাচে সমানেই লড়েছে তারা। তবু আয়াক্সের ধ্রুপদী ফুটবলের বিপক্ষে যেনো অসহায়ই মনে হচ্ছিলো স্পার্সদের।

স্বাগতিক দলটিকে হতাশায় ডুবিয়ে ম্যাচের ১৫তম মিনিটে লিড নেয় আয়াক্স। হাকিমের জিয়েচের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড ফন ডি বেক। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড অফসাইডে ছিলেন কিনা ভিএআরের সাহায্যে দেখে গোলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের শুরুর দিকেই হজম করা এ গোল আর শোধ করতে পারেনি টটেনহ্যাম। ইনজুরির কারণে হ্যারি কেইন এবং নিষেধাজ্ঞার কারণে সন হিং মিনের মতো তারকা খেলোয়াড়রা না থাকায় ভুগতে হয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।

আগামী ৮ মে আয়াক্সের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে নির্ধারিত হবে কারা যাবে ফাইনালে। সে ম্যাচে অন্তত ২-১ গোলের ব্যবধানে জিততে হবে টটেনহ্যামকে। এ ম্যাচের মতো ১-০ ব্যবধানে জিতলে নিষ্পত্তি হবে টাইব্রেকারে।

Comments (0)
Add Comment