ভেনিজুয়েলার সঙ্গে বিমান চলাচল স্থগিত করল মার্কিন যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলার সঙ্গে বিমান চলাচল স্থগিত করল মার্কিন যুক্তরাষ্ট্র।

ভেনিজুয়েলার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও কার্গো ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ এ ঘোষণা দিয়েছে। এতে ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনাকে ফ্লাইট চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর ইয়াহু নিউজের।

নির্বাচনী কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়েইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। এ মাসের গোড়ার দিকে এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুয়েইদো। ভিডিওতে তার সঙ্গে সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনিজুয়েলা কখনোই সা¤্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করবে না। এমন পরিস্থিতিতেই বুধবার ভেনিজুয়েলার সঙ্গে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনা নতুন রূপ নিল। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজের পক্ষ থেকে বলা হয়েছে, ভেনিজুয়েলার বিদ্যমান পরিস্থিতি যাত্রী, বিমান ও ক্রুদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ফলে দেশটিতে মার্কিন বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তবে ভেনিজুয়েলা পরিস্থিতির পরিবর্তন হলে এই সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করা হবে। এদিকে রাজনৈতিক সঙ্কটে জর্জরিত ভেনিজুয়েলায় মানবিক সহায়তা পাঠিয়েছে চীন। সোমবার দেশটির চিকিৎসা সামগ্রীবাহী দ্বিতীয় বিমানটি ভেনিজুয়েলায় অবতরণ করে।

Comments (0)
Add Comment