‘ক্রিকেট বিশ্লেষকরা আমাদের পিছিয়ে রাখছে’
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাদের নিয়ে অনেকেই চিন্তা করছে, আমরা বিশ্বকাপ জিতে গেছি, সেমিফাইনাল খেলছি- এগুলো চিন্তা করা একেবারেই অপ্রয়োজনীয়।’
তিনি বলেন, ‘যারা ক্রিকেট বিশ্লেষণ করছেন, তারা আমাদের পিছিয়ে রাখছে। কিন্তু আমরা যুদ্ধ করছি। এগুলো চলবে একটা টুর্নামেন্টের আগে। আমাদের খেলোয়াড়দের জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে সফল হয়েছি- সেই বিষয়গুলো মাথায় রেখেই খেলতে হবে।’
মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় এবার প্রত্যাশা কিছুটা বেশি। সবাই প্রত্যাশা করছে আমরা ভালো করব। প্রত্যাশা খারাপ না, সেটা অনেক সময় সেরাটা বের করে আনে। আমার কথা হচ্ছে, প্রত্যাশা যেন চাপ তৈরি না করে। মূল কাজটাতে আমাদের ফোকাস রাখতে হবে।’
দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের তুলনা করে মাশরাফি বলেন, ‘কোন জায়গা থেকেই আমরা ফেভারিট না। দল, কন্ডিশন এবং উইকেট যাই বলেন। ইভেন দক্ষিণ আফ্রিকাও আমাদের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলবে।’
অধিনায়ক বলেন, ‘এমন নয় যে আমরা ছেড়ে কথা বলব। ওখানে আমাদের সেরাটা খেলব। আমরা প্রস্তুতি নিয়েছি। অবশ্যই চাইব জিততে। আমরা কোন জায়গা থেকেই ভাবছি না, আমরা ম্যাচটা হেরে যাব। এটা আমাদের জন্য সাধারণ একটা ম্যাচ, এমন হিসেবেই আমরা খেলতে নামব। আমাদের খেলোয়াড়দের এভাবেই বিষয়গুলো দেখতে হবে। মাঠে যতটা সম্ভব চাপ মুক্ত স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে চাপের মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা। এটা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা কিনা?
এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘হয়তো ওদের কিছুটা চাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের জন্য কিছুটা সুবিধা। আমার কাছে আসল কাজ মনে হয় পরিকল্পনাগুলো সঠিক ও যথাযথভাবে মাঠে বাস্তবায়ন করা।’