ফের ওমরাহর ভিসা দেবে সৌদি আরব।
একমাস বন্ধ রাখার পর আগামী ১৬ আগস্ট থেকে ফের শুরু হচ্ছে ওমরাহ পালনে ভিসার আবেদন গ্রহণ। হাজিদের পাঁচ দিনের জন্য এক মাস মেয়াদি ভিসা দেয়া হবে।
শনিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে সৌদি মন্ত্রণালয়।
জানা যায়, চলতি মৌসুমে এ পর্যন্ত ৭৬ লাখ ৬৫ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা দেয়া হয়েছে।
সৌদি গেজেটের বরাতে মক্কা ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেয়া বন্ধ রেখেছে দেশটির সরকার।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, সবচেয়ে বেশি সংখ্যক ওমরাহ পালনকারী আসেন পাকিস্তান থেকে। এরপর আছে ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের নাম।
সৌদি সরকার ভিশন ২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেয়া শুরু করেছে।
২০২২ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে তাদের।