ন্যারো-বডির পতন, কার্গো বাজারে ওয়াইড-বডির আধিপত্য

২০২৫ সালে বৈশ্বিক কার্গো বিমান খাতে একটি বড় ধরনের পরিবর্তন

২০২৫ সালে বৈশ্বিক কার্গো বিমান খাতে একটি বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। প্রথমবারের মতো ২০০৯ সালের পর ওয়াইড-বডি (বড় আকারের) প্যাসেঞ্জার-টু-ফ্রেইটার কনভার্সন ন্যারো-বডি (ছোট আকারের) কনভার্সনকে ছাড়িয়ে গেছে। বিমান খাতের পরামর্শক প্রতিষ্ঠান IBA জানিয়েছে, মূলত ন্যারো-বডি বিমানের অতিরিক্ত সরবরাহ কমে যাওয়া এবং বাজারে চাহিদার পরিবর্তনের কারণে এই প্রবণতা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর অতিরিক্ত অর্ডার ও কম দামের কারণে ন্যারো-বডি বিমানগুলো দ্রুত কার্গো কনভার্সনের জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে ২০২৫ সালে এই সংখ্যা নেমে এসেছে ২০টিরও নিচে, যেখানে ২০২৪ সালে তা ছিল প্রায় ৭০টি। এর বিপরীতে ওয়াইড-বডি কনভার্সন ২০২৫ সালে দাঁড়িয়েছে ৩০টিতে, যদিও আগের বছর এটি ছিল ৪০টি।

IBA-র সিনিয়র এভিয়েশন বিশ্লেষক জন হোয়ালি বলেন, ন্যারো-বডি কনভার্সন কমে যাওয়ার মূল কারণ হলো বাজারে অতিরিক্ত সরবরাহ এবং নতুন করে চাহিদা কমে যাওয়া। অন্যদিকে ওয়াইড-বডি বিমানের সংখ্যা সীমিত হওয়ায় এ সেগমেন্টে স্থিতিশীল চাহিদা বজায় রয়েছে। তিনি আরও বলেন, বড় আকারের বিমানের ফিডস্টক সীমিত এবং ভবিষ্যতে এটি আরও কমে যেতে পারে।

সংস্থাটি ধারণা করছে, অন্তত ২০২৮ সাল পর্যন্ত ন্যারো-বডি বিমানের অতিরিক্ত সরবরাহ অব্যাহত থাকবে। ২০২৬ সালে ন্যারো-বডি কনভার্সন সংখ্যা প্রায় ২০টির কাছাকাছি থাকতে পারে। তবে ওয়াইড-বডি কনভার্সন ধীরে ধীরে বাড়বে এবং বছরে ৩০টিরও বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে বোয়িং ৭৭৭ সিরিজের কার্গো কনভার্সন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। আইএআই ২০২৫ সালে প্রথম দুটি 777-300ERSF বিমান সরবরাহ করেছে এবং পরে আরও কয়েকটি যুক্ত হয়েছে। একইভাবে ম্যামথ ফ্রেইটার্স তাদের 777-200LRMF প্রকল্পের জন্য FAA অনুমোদন পেয়েছে এবং নতুন সংস্করণের জন্য কাজ করছে। কেএমসি প্রতিষ্ঠানও 777-300ERCF ফ্রেইটার প্রকল্পে পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের কার্গো রূপান্তর এখনো সক্রিয় রয়েছে। অ্যামাজন ও কার্গোজেট ইতিমধ্যেই নতুন বিমান গ্রহণ করেছে। তবে এই মডেলের জন্য উপযুক্ত বিমান সরবরাহ ধীরে ধীরে কমে আসছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এয়ারবাসের A330 সিরিজেও চাহিদা বাড়ছে। A330-300BDSF প্রোটোটাইপ ইতিমধ্যেই উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সার্টিফিকেশন পাওয়ার আশা করা হচ্ছে। একইভাবে A330-200 মডেলেও চীনা কার্গো অপারেটরদের মধ্যে উল্লেখযোগ্য চাহিদা তৈরি হয়েছে।

বোয়িং ৭৩৭ সিরিজের কনভার্সনও অব্যাহত রয়েছে। নতুন কম্বি কনভার্সন এবং ভবিষ্যৎ মডেল উন্নয়নের পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে কার্গো কনভার্সন বাজারে আরও বড় প্রবৃদ্ধি দেখা যেতে পারে, যা বৈশ্বিক এয়ার কার্গো শিল্পকে নতুনভাবে গড়ে তুলবে।

Comments (0)
Add Comment