ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৮০

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। গতকাল বুধবার ইয়েমেন-সৌদি সীমান্ত এলাকা এবং রাজধানী সানায় পৃথক বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট। খবর বিবিসি’র।

ইয়েমেনের সাধারণ মানুষের মতে, গত দুই মাস ধরে শুরু হওয়া সৌদি জোটের বিমান হামলার মধ্যে গতকালের দিনটি ছিলো সবচেয়ে প্রাণঘাতী। সৌদির সীমানার কাছাকাছি হাজ্জ্বা প্রদেশের বাকিল আল মির নামক স্থানে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। একজন বাসিন্দা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সের কাছে বলেন, হুতি বিদ্রোহীরা বাকিল আল মির এলাকায় অবস্থান করে সৌদি আরবের ওপর হামলার চালিয়ে আসছিলো। আরব জোটের বিমান থেকে গতকাল হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা চালালেও তা ব্যর্থ হয়। হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

হুতি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সাবা’র খবরে বলা হয়, বাকিল আল মিরে হামলার কয়েক ঘণ্টা পর সানায় হুতিদের সাথে জোটবদ্ধ হয়ে লড়াই করা বিশেষ বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। সানায় হামলায় প্রাথমিকভাবে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো শতাধিক।

সানায় হামলায় বেঁচে যাওয়া এক সেনা বলেন, একটি অস্ত্রের গুদামঘর থেকে সেনা এবং হুতি বিদ্রোহীরা অস্ত্র নেয়ার সময় হামলার ঘটনা ঘটে। পর পর দুটি বিমান হামলায় গুদামঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অনেকেই গুদামঘরের প্রবেশদ্বারে অস্ত্রের জন্য অপেক্ষা করছিলো। ঐ হামলায় অনেক মানুষ নিহত হলেও সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।

Comments (0)
Add Comment