ভারতকে সমর্থন করতে পাকিস্তানিদের শোয়েবের অনুরোধ

ভারতকে সমর্থন করতে পাকিস্তানিদের শোয়েবের অনুরোধ।

ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শুধু খেলাটির মাঠেই নয়, রাজনীতির ময়দানেও তীব্র প্রতিদ্বন্দ্বী দুই দেশ। তবে সব ভুলে ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়াকে সমর্থন করতে পাকিস্তানিদের অনুরোধ করেছেন দলটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালের পথ মসৃণ করতে ইংলিশদের বিপক্ষে মেন ইন ব্লুদের জয় আবশ্যক। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে পাক ব্রিগেড। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের পরই অবস্থান করছেন স্বাগতিকরা। ভারতকে হারিয়ে দিলে সেমির স্বপ্ন জোরালো হবে তাদের।

কোহলিদের বিপক্ষে জয় ইয়ন মরগ্যানের দলকে পৌঁছে দেবে চতুর্থ স্থানে। পাঁচে নেমে যাবে পাকিস্তান। পয়েন্ট টেবিলে এ চিত্র দেখতে চাইছেন না শোয়েব। স্বাভাবিকভাবেই পুরো পাকিস্তানকে চিরশত্রুদের সমর্থনে একজোট হতে বলছেন তিনি।

এক ভিডিওবার্তায় শোয়েব বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ। আমি মনে করি, পুরো পাকিস্তান সমর্থন করবে চিরপ্রতিদ্বন্দ্বীদের। ইংল্যান্ডে যে পাকিস্তানি দর্শক আছেন, আমি চাই, তারা প্রতিবেশীদের সমর্থন করুন। ইংল্যান্ডকে ভারত হারিয়ে দিলে পাকিস্তানের শেষ চারের পথ সহজ হয়ে যাবে। হাতে থাকা একটি ম্যাচ জিতলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বাবর-সোহেলরা। তাই পুরো পাকিস্তানকে ভারতের সমর্থন করতে বলব আমি।

অবশ্য ভারতের বিপক্ষে ইংল্যান্ড জিতলেও সুযোগ রয়েছে পাকিস্তানের। গ্রুপপর্বে নিজেদের সবশেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে সরফরাজদের। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হতে হবে ইংলিশদের।

Comments (0)
Add Comment