‘দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব’

‘দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব’

বিশ্বকাপে ক্যারিয়ারসেরা ফর্মে আছেন সাকিব আল হাসান। বৈশ্বিক টুর্নামেন্টে প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। তাতে অভিভূত বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। এবার তাকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে অ্যাখ্যা দিলেন বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার বেন জোন্স।

সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছেন, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বকাপে সে যা করছে আমি প্রাণভরে তা উপভোগ করছি। উপযুক্ত সময়ে জ্বলে উঠেছে ও। বিশ্বকাপের মঞ্চে ফর্মের মগডালে আছে সে। এটা সত্যিই দারুণ ব্যাপার।

এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে ১০ উইকেট শিকারের সঙ্গে নিজের নামের পাশে ৪৭৬ রান রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। পথিমধ্যে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।

একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব। পাশাপাশি এক আসরে ১০ উইকেট ও চারশোর বেশি রানের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এছাড়া আরও খুচরা রেকর্ড তো আছেই।

Comments (0)
Add Comment