নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা।
নিউইয়র্কে অবস্থানরত এক ডজনেরও বেশি ইরানি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান দূতাবাসকে পাঠানো একটি মার্কিন নথির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
নতুন এ নিষেধাজ্ঞা ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমান। দুই বিবদমান দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে রোববার এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি কূটনীতিক ও তাদের পরিবার এখন শুধু জাতিসংঘ (ইউএন), ইরানিয়ান ইউএন মিশন, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের বাসভবন ও জন এফ কেনেডি বিমানবন্দর ভ্রমণ করতে পারবে।
সোমবার জাতিসংঘ থেকে বলা হয়, ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞার ব্যাপারে তারা উদ্বিগ্ন।
গত বছর ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে বিবদমান দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো তিক্ততর হয়েছে। পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইইউর বিভিন্ন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছিল তেহরান।
ইরানের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এদিকে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটন ও তেহরানের কাছ থেকে মিশ্র বার্তা পাওয়া গেছে। গত মঙ্গলবার যখন ইরানের সর্বোচ্চ নেতা পারমাণবিক চুক্তির আরো শর্ত লঙ্ঘনের হুমকি দিচ্ছেন, তখন ট্রাম্প বলেন, সমঝোতা প্রক্রিয়ায় অনেক অগ্রগতি হয়েছে।