লঙ্কানদের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

লঙ্কানদের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়।

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯১ রানে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের।

রোববার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ, মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে ২৩৮ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে অভিস্কা ফার্নান্দোর ঝড়ো ফিফটিতে ৩২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় শ্রীলংকা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৬ রানে বিপদে পড়ে যান সৌম্য সরকার। নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাতীয় দলের এ ওপেনার। প্রথম ওয়ানডেতে ১৫ রান করা এ ওপেনার দ্বিতীয় খেলায় ফেরেন মাত্র ১১ রানে। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে আউট হন তামিম ইকবাল।

৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন মুশফিক। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন তিনি। সৌম্য সরকার, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন ও মোসাদ্দেক হোসেন সৈকতের অসহায় আত্মসমর্পণের কারণে দলীয় ১১৭ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন ৮৪ রানের জুটি। ৪৯ বলে ছয়টি চারের সাহায্যে ৪৩ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ। ম্যাচের শেষ বলে মোস্তাফিজ ডাবল রান নেয়ায় বাংলাদেশ থামে ২৩৮ রানে। ১১০ বল খেলে ৬টি চার ও এক ছক্কায় ৯৮ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

২৩৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে অভিস্কা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে ৭১ রান যোগ করেন দিমুথ করুনারত্নে। বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার অফ স্পিনে বোল্ড হয়ে ফেরার আগে ২৯ বলে ১৫ রান করেন লংকান অধিনায়ক করুনারত্নে।

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪৩ বলে ফিফটি তুলে নেন ফার্নান্দো। অসাধারণ ব্যাটিং করে যাওয়া লংকান এ ওপেনারকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মোস্তাফিজুর রহমান।দলীয় ১২৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ফার্নান্দো। তার আগে ৭৫ বলে নয় চার ও দুই ছক্কায় ৮২ রান করেন তিনি।

আগের ম্যাচে সেঞ্চুরি করা কুশল পেরেরা এদিনও ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন।৩৪ বলে ৩০ রান করা পেরেরাকে দ্বিতীয় শিকারে পরিণত করেন মোস্তাফিজ।এরপর কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনবদ্য ব্যাটিংয়ে ২০ বল হাতে রেখেই ট্রফি নিশ্চিত করে শ্রীলংকা।

Comments (0)
Add Comment