‘পাকিস্তানের কোচ হতেই নির্বাচকের পদ ছেড়েছেন ইনজামাম’
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার বিশ্বাস করেন, বিদায়ী প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জাতীয় দলের কোচ হতে বদ্ধপরিকর।
তিনি মনে করেন, চলতি মাসের শেষদিকে প্রধান নির্বাচকের পদ থেকে ইনজির সরে যাওয়ার সিদ্ধান্তের এটিই প্রধান কারণ।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। গুঞ্জন, এ কারণে প্রধান কোচের পদ থেকে মিকি আর্থারকে বরখাস্ত করছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আখতার উল্ল্যেখ করেন, সম্ভাব্য কোচের তালিকায় থাকতে পারেন ইনজামাম। তিনি এ পদে আবেদন করবেন বলেই মনে হচ্ছে।
বিজনেস রেকর্ডারকে শোয়েব বলেন, পাকিস্তান ক্রিকেটের পরবর্তী কোচ হতে আগ্রহী হক। এ কারণেই নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনে সফল ছিলেন ইনজামাম। অধিনায়ক ও পারফরমার হিসেবে দেশের অন্যতম সেরা তিনি। নির্বাচক হিসেবেও মোটামুটি সফল সাবেক দূরদর্শী ক্যাপ্টেন।
এখন কোচ হলে কেমন করেন সেটাই দেখার। অতীতে আফগানিস্তান জাতীয় দলের হয়ে ক্ষণস্থায়ী মেয়াদে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।