আলোচনায় বসতে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন রুহানি।
ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইলে ওয়াশিংটনকে আগে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর আল আরাবিয়ার।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষনে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আমাদের সঙ্গে বসতে আগ্রহী হয়, তাহলে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
নিষেধাজ্ঞা না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
বৈঠকে রুহানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও পররাষ্ট্রমন্ত্রী জারিফের জনপ্রিয়তা বেড়েছে।
হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের বিষয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ তেল ট্যাংকারগুলো পারস্য উপসাগরে আন্তর্জাতিক আইন ও সতর্কবার্তা মেনে চলেনি। আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইরান কোনো দেশকে ছাড় দেয় না বলেও জানান তিনি।