খ্যাতির খাঁচা থেকে মুক্তি চান ক্রিস্টিয়ানো রোনাল্ডো

খ্যাতির খাঁচা থেকে মুক্তি চান ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

বাংলা ভাষাটা জানা থাকলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো আনমনে গাইতেন, ‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে…’। কোন খাঁচা ভাঙতে চান পর্তুগিজ যুবরাজ? খ্যাতির খাঁচা! বিখ্যাত হওয়ার যেমন অনেক সুবিধা আছে, তেমনি জ্বালাও কম নয়। সেই জ্বালা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছেন রোনাল্ডো। খ্যাতি তার জীবনটাকে ভীষণ একঘেয়ে ও বিরক্তিকর করে তুলেছে। আর দশজনের মতো অবসরে সন্তানদের নিয়ে পার্কে হাঁটতে যেতে পারেন না পর্তুগিজ ফরোয়ার্ড। গেলেই ভক্তদের উৎপাতে তুলকালাম বেধে যায়।

খ্যাতির বিড়ম্বনা এড়াতে একটি গণ্ডির মধ্যেই নিজেকে আটকে রাখতে হয়। এই বন্দি জীবনে যেন হাঁপিয়ে উঠেছেন রোনাল্ডো। বুক ভরে নিঃশ্বাস নিতে তাই খ্যাতির খাঁচা থেকে মুক্তি চান গত দেড় দশক ধরে পাদপ্রদীপের আলোয় থাকা রোনাল্ডো। সম্প্রতি ‘গুড মর্নিং ব্রিটেন’ নামের একটি টিভি অনুষ্ঠানের জন্য বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেয়া কয়েক পর্বের বিশাল সাক্ষাৎকারে রোনাল্ডোর ব্যক্তি জীবনের অনেক অজানা অধ্যায় উঠে এসেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছাড়িয়ে যেতে চান জুভেন্টাস তারকা। তবে মেসিকে কখনই নিজের শত্রু মনে করেন না রোনাল্ডো, ‘আরও বেশি ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল আমার। অন্তত সাত-আটটি। মেসির ওপরে থাকতে এটি দরকার। আমি মনে করি, আমি এর যোগ্য। মেসি ও আমি বন্ধু নই। কিন্তু আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। ১৫ বছর ধরে একই মঞ্চ ভাগাভাগি করছি আমরা। আরও ভালো খেলোয়াড় হতে পরস্পরকে আমরা অনুপ্রাণিত করেছি। মেসি ফুটবল ইতিহাসের অংশ। সে যদি প্রথম স্থানে থাকে তাতে আমার আপত্তি নেই। তবে আমাকেও ইতিহাসে রাখতে হবে।’

Comments (0)
Add Comment