নতুন ভূমিকায় হ্যামিল্টন মাসাকাদজা

নতুন ভূমিকায় হ্যামিল্টন মাসাকাদজা।

জিম্বাবুয়ের বর্ষীয়ান ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। যিনি গেল মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলে অবসর নিয়েছেন। এবার তিনি নতুন ভূমিকায়, নতুন দায়িত্ব নিয়ে আগামীকাল থেকে পথচলা শুরু করবেন।

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন একটি পদ তৈরি করা হয়েছে। সেটার নাম ‘ডিরেক্টর (ক্রিকেট)। আর এই পদে নিয়োগ পেয়েছেন তিনি। মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এই পদটি তৈরি করা হয়েছে।

৩৬ বছর বয়সী মাসাকাদজার দায়িত্ব হবে পলিসি, স্ট্রাটেজি ও প্রোগ্রাম তৈরি করা। যাতে করে জিম্বাবুয়ে ক্রিকেট সঠিক পথে সেরাটা নিয়ে এগিয়ে যেতে পারে। ক্রিকেট সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে মাসাকাদজা রিক্রুটমেন্ট, ম্যানেচমেন্টের পাশাপাশি দলের সিনিয়র টেকনিক্যাল স্টাফদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে কাজ করবেন। তিনি কোচ ও অধিনায়কদের সঙ্গেও কাজ করবেন। যাতে তারা যথাযথভাবে জাতীয় দলগুলোকে নেতৃত্ব দিতে পারে।

আগস্টে বোর্ড মিটিংয়ে জিম্বাবুয়ের ক্রিকেটের ম্যানেজমেন্ট পুনর্গঠন করার অভিপ্রায়ে ডিরেক্টর (ক্রিকেট) পদটি তৈরির ব্যাপারে সিদ্ধান্ত হয়। জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি ইচ্ছা পোষণ করেন মাসাকাদজাকে এই পদে নিয়োগ দেওয়ার। মাসাকাদজা এই পদে কাজ করতে রাজী হওয়ায় তিনি খুবই খুশি হয়েছেন।

মুকুহলানি বলেন, ‘সকল পর্যায়ে আমাদের ক্রিকেটকে শক্তিশালী করার আমাদের যে ইচ্ছা রয়েছে সেটার পরিস্কার নিদের্শক এই ডিরেক্টর (ক্রিকেট) পদে নিয়োগ দেওয়াটা। পাশাপাশি আমরা প্রশাসনিকভাবেও খেলাটাকে উন্নত করতে চেষ্টা করে যাচ্ছি। মাসাকাদজা এই পদে কাজ করতে রাজি হওয়ায় আমরা খুবই উচ্ছ্বসিত। তার হাত ধরে ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আসবে এবং আমাদের ক্রিকেটের ভবিষ্যত গঠিত হবে বলেই আমি বিশ্বাস করি। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি তার যে আবেগ, তার যে ত্যাগ সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন ক্রিকেট খেলে সে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে আশা করছি সেটা সে জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য কাজে লাগাবে। আশা করছি সে জিম্বাবুয়ের খেলাধুলা এগিয়ে নিতে একজন সম্মানিত পথ প্রদর্শক হয়ে উঠবে।’

Comments (0)
Add Comment