শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমবারের মতো বসছে আরএফএলের চেয়ার।
অবশেষে আট বছর পর পাল্টানো হচ্ছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির চেয়ার। এমন নয়, পরিকল্পনা হয়েছে। আগামীতে টেন্ডার হবে। নকশা করে তারপরও লাগাতে লাগাতে আরও বেশকিছু সময়। তা নয়।
সব কিছু ঠিক থাকলে এবারের বিপিএলের আগেই হোম অব ক্রিকেট শেরেবাংলার চেয়ার পাল্টানো হচ্ছে। পুরোনো ভাঙা ও রঙ হারানো চেয়ার পাল্টে বসানো হচ্ছে নতুন চেয়ার।
সবচেয়ে বড় কথা হলো, সেই চেয়ার আগের মতো বিদেশ থেকে চড়া মূল্যে আমদানি করা নয়। একদম দেশি প্রযুক্তি ও দেশি প্লাস্টিকের চেয়ার প্রস্তুত এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান আরএফএলের তৈরি চেয়ার। ইতিমধ্যে এ চেয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, শেরেবাংলায় আপাতত ৫ থেকে ১০ হাজার আরএফএলের চেয়ার বসানো হবে।
শেরেবাংলা স্টেডিয়ামের সাধারণ গ্যালারি, শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক ইনক্লোজার, বিভিন্ন ক্লাব হাউজের প্রায় ৬০-৭০ ভাগ চেয়ারই ভেঙে গেছে। রঙও উঠে গেছে। দেখতে রীতিমতো বিশ্রি লাগে। এবার বিপিএলের আগে সেই চেয়ার পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরই মধ্যে কাজও শুরু হয়েছে।
এক সময় এই শেরেবাংলায় চেয়ার ছিল হাতেগোনা। ২০১১ সালের বিশ্বকাপের সময় আইসিসির নিয়ম মেনেই চেয়ার বসানো হয়েছিল। আইসিসির পরিষ্কার নির্দেশনাই ছিল, বিশ্বকাপ ভেন্যু মানেই- সবগুলো আসনেই থাকতে হবে চেয়ারের ব্যবস্থা।
সেই থেকে হোম অব ক্রিকেটের সব কটি আসনেই এখন চেয়ার বসানো। কিন্তু দীর্ঘদিন পার হওয়ার কারণে সেই চেয়ারের অর্ধেকের বেশি প্রায় বসার অযোগ্য হয়ে পড়েছে।
সে কারণেই বঙ্গবন্ধু বিপিএলের আগে চেয়ার বসানোর কাজ শুরু করেছে বিসিবি এবং সেই চেয়ার বসানোর কাজ শুরুও হয়ে গেছে। আরএফএলের চেয়ার দিয়েই সাজানো হচ্ছে মিরপুরের গ্যালারি।
আজ মঙ্গলবার বিপিএল প্রস্তুতির কাজকর্ম দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ওই চেয়ার বসানো নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘শেরেবাংলায় যেসব চেয়ার লাগানো হয়েছিল, সেগুলো বিদেশি নির্মাতা প্রতিষ্ঠানের। কিছু চেয়ার নষ্ট হওয়ার পর সেগুলো মেরামত বা পুনর্নিমাণের জন্য আমরা সেই নির্মাতা প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এদিকে চেয়ারগুলোর অবস্থা রীতিমতো সঙ্গীন। ভেঙে-চুরে শেষ। বসার অযোগ্য। রঙও ফিকে হয়ে গেছে।’
এসব কারণেই প্রথমবারের মতো প্লাস্টিক চেয়ার নির্মাতা প্রতিষ্ঠান আরএফএল চেয়ার ব্যবহারের বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা এই প্রথমবারের মতো আমাদের দেশের প্লাস্টিক চেয়ার নির্মাতা প্রতিষ্ঠান আরএফএলর সাথে যোগাযোগ করেছি। তাদের দিয়ে দেশীয় প্রযুক্তিতে চেয়ার লাগানোর কাজও শুরু হয়েছে।’
সেই চেয়ারের সংখ্যা আপাতত হাজার পাঁচেক থেকে ১০ হাজারের মতো বলে জানান বিসিবি সভাপতি। বিসিবি বিগ বস জানান, আরএফএলের চেয়ারের ডিজাইন, ওজন আর সাইজ তারা দেখেছেন। তাতে তারা সন্তুষ্ট।
তার ভাষায়, পাঁচ থেকে হাজার দশেকের মতো চেয়ার নির্মাণের কাজ করা হচ্ছে। পাপনের শেষ কথা, আমাদের কাছে মনে হয়েছে এখন পর্যন্ত সব ঠিকই আছে। যদি টেকসই হয়, তবে ভবিষ্যতে এ চেয়ারই লাগানো হবে।
আগামীতে যে চেয়ার লাগানো হবে, সেগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হবে- এমনটা জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমরা বিদেশেও দেখেছি রঙ-বেরঙের চেয়ার বসানো। তাতে স্টেডিয়ামের সৌন্দর্য বাড়ে। দেখতে সুন্দর লাগে। রঙের একটা সামঞ্জস্যতা থাকে। আমরাও আগামীতে সে কালারফুল চেয়ার ব্যবহার করতে পারি।
এবার আরএফএল যে চেয়ার নির্মাণ করেছে, তা টেকসই হলে আগামীতে শেরেবাংলায় ২০ থেকে ২২ হাজার আরএফএলের চেয়ার বসার সম্ভাবনার কথাও জোর দিয়ে বলেন বিসিবি সভাপতি।