উইগুর মুসলিমদের সমর্থনে মেসুত ওজিলের টুইটে চটেছে চীন।
উইগুর মুসলিমদের ওপর চীনের অমানবিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। তার সেই মন্তব্যের জেরে রোববার (১৫ ডিসেম্বর) রাতে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘সিসিটিভি’।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার ও ইনস্টাগ্রামে ওজিল বলেন, ‘পূর্ব তুর্কিস্তানে মুসলিম উম্মাহদের রক্তাক্ত করা হচ্ছে। তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করতে বাধা দেয়া হচ্ছে। পবিত্র কুরআন পুড়িয়ে দেয়া হচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে মসজিদ। শিশুদের স্কুলে যেতে দেয়া হচ্ছে না। ধর্মীয় নেতাদের মেরে ফেলা হচ্ছে। পুরুষদের ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হচ্ছে। নারীদের চীনা পুরুষরা ধর্ষণ করছে।’
এঘটনায় মুসলমান দেশগুলোর নেতারা চুপ। এই নিয়ে অবাক ওজিল। তিনি বলেন, ‘যদিও মুসলিম বিশ্ব আজ নীরব। তারা কোনও আওয়াজ তুলছে না। তারা কী জানে না, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ না করাও অন্যায়।’
এদিকে ওজিলের মন্তব্যের জেরে বিতর্ক দেখা দেওয়ার পর এ নিয়ে নিজেদের অবস্থান করতে এক টুইটে আর্সেনাল এক বিবৃতিতে লিখেছে, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে মেসুত ওজিল যে মন্তব্য করেছে, তা তার একান্তই নিজস্ব। ফুটবল ক্লাব হিসেবে আর্সেনাল কখনোই কোনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে নিজেকে না জড়ানোর নীতিতে অটল।’