ট্রাম্পকে অভিশংসনে ভোট আজ

ট্রাম্পকে অভিশংসনে ভোট আজ।

ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাচনে ফায়দা নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করেছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে তাকে অভিশংসনে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আজ ভোট হবে। তার আগে ক্ষুব্ধ ট্রাম্প স্পিকার ন্যান্সি পেলোসিকে ছয় পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন।

ট্রাম্প তার চিঠিতে ডোমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর প্রকাশ্যে যুদ্ধে নামার’ জন্য দোষারোপ করেন। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে ট্রাম্প স্পিকারের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি অভিশংসন নামের একটি কুৎসিত শব্দকে যাচ্ছেতাই ব্যবহার করছেন।’

ট্রাম্প তার ছয় পৃষ্ঠার চিঠিজুড়ে স্পিকার ন্যান্সি পেলোসির সমালোচনা ও নিন্দা করেন। তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ বিরোধী ডেমোক্র্যাটদের হাতে থাকায় ট্রাম্প অভিশংসিত হবেন, তা অনেকটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্তভাবে তাকে অভিশংসন করতে সিনেটের অনুমোদন লাগবে, যা ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে।

ন্যূনতম সাংবিধানিক প্রক্রিয়া ছাড়াও সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করাসহ সংবিধানে দেয়া মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন, তিনি পুরো চিঠি না পড়লেও ‘সারমর্ম’ দেখেছেন এবং এটাকে ‘সত্যিকারের অসুস্থতা’ মনে করেন।

তবে ট্রাম্পের চিঠিকে ‘উল্লেখযোগ্য হস্তক্ষেপ’ বলে মন্তব্য করে বিবিসি বলছে, এর আগে তিনি তার প্রধান সহযোগীদের প্রতিনিধি পরিষদে স্বাক্ষ্য দেয়া থেকে বিরত রেখে অভিসংশন প্রক্রিয়া কোনঠাসা করারও চেষ্টা করেছিলেন। আজকের ঐতিহাসিক এই ভোট তার বিপক্ষে গেলে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হবেন ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগটি ছাড়াও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দেশটির প্রেসিডেন্টকে ফোন করে চাপ দেয়ার অভিযোগ রয়েছে।

Comments (0)
Add Comment