নিম্নকক্ষে দোষী সাব্যস্ত অভিশংসিত ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সংসদীয় বিচার ব্যবস্থায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানকার সংসদ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রেসিডেন্টকে অভিশংসন করে প্রস্তাব পাস হয়েছে।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হবে।
সেখানে দুই-তৃতীয়াংশ সদস্য অভিশংসনের পক্ষে রায় দিলে পদচ্যুত হবেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ২৪৫ বছরের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধা প্রদানের অভিযোগ আনা হয়েছে।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প এই অভিশংসনকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছেন। অপরদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের অভিশংসন সংবিধানকে সমুন্নত রাখার জন্য একটি বিশেষ দিন। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এটি খারাপ দিন।
দীর্ঘ বিতর্কে তিক্ততা-বিভক্তি : স্থানীয় সময় বুধবার সকালে ট্রাম্পের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে অভিশংসন আনতে প্রতিনিধি পরিষদে বিতর্ক শুরু হয়।
বিতর্কে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নিম্নকক্ষের সদস্যরা অংশ নেন। হাউসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সংবিধান লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গ করেছেন।
তারা বলেন, ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি অভিশংসন বিষয়ে তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করেননি, বরং কংগ্রেসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
অপরদিকে রিপাবলিকান প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ হওয়ার সুবাদে ডেমোক্রেটিক সদস্যরা প্রেসিডেন্টকে অসাংবিধানিকভাবে অভিশংসিত করছেন।
বিতর্কে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা (মেজরিটি লিডার) ডেমোক্রেটিক পার্টির স্টেনি হোইয়ার ও সংখ্যালঘু নেতা (মাইনরিটি লিডার) রিপাবলিকান কেভিন ম্যাককেথি বক্তব্য দেন।
প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ প্রেসিডেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুটি অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং পরিষদের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
৩০ মিনিটের ভোটাভুটি : দীর্ঘ বিতর্কের পর স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি শুরু হয়। ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুটি অভিযোগ উত্থাপন করে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আলাদা ভোট নেয়া হয়।
দুই দফা ১৫ মিনিট করে ভোটাভুটির সুযোগ পান সদস্যরা। তারা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে ভোট দেন। অভিশংসনের জন্য প্রয়োজন ছিল ২১৬টি ভোট। আর্টিকেল-ওয়ান নামে প্রথম অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ২৩০টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ১৯৭টি ভোট।
আর্টিকেল-টু নামে দ্বিতীয় অভিযোগের পক্ষে ২২৯টি ও বিপক্ষে ভোট পড়ে ১৯৮টি। ট্রাম্পের পক্ষে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত তিন প্রতিনিধি ভোট দেন। অপরদিকে ট্রাম্পের বিপক্ষে ভোট দেন রিপাবলিকান এক প্রার্থী। ভোট শেষে স্পিকার পেলোসি প্রেসিডেন্টের বিরুদ্ধে দুটি অভিশংসন প্রস্তাব গৃহীত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ট্রাম্পের প্রতিক্রিয়া : প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রক্রিয়ার সময় মিশিগান অঙ্গরাজ্যের ব্যাটেল ক্রিকে নির্বাচনী সমাবেশে ছিলেন ট্রাম্প। সেখানে সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি ‘অপরাধ না করেও’ অভিশংসিত হয়েছেন বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটরা অভিশংসন প্রক্রিয়াকে ‘সস্তা’ বানিয়ে ফেলেছে। ট্রাম্প বলেন, আমি এখন দারুণ সময় কাটাচ্ছি। আমি মনে করি, যুক্তরাষ্ট্র সবচেয়ে ভালো সময় অতিবাহিত করছে। সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়কে ‘অন্ধকার যুগ’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
হাউস স্পিকারের প্রতিক্রিয়া : অভিশংসনের পরপরই গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, অভিশংসন প্রক্রিয়াটি সিনেটে পাঠানোর ব্যাপারে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি।
তিনি বলেন, আমরা নিশ্চিত হতে চাই, সিনেটে প্রেসিডেন্টের বিচার সুসম্পন্ন হবে। তা না হলে অভিশংসন বিলটি সিনেটে পাঠানো হবে না।
পরবর্তী ধাপ : কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হলেও প্রেসিডেন্টকে তার পদ ছাড়তে হবে না। প্রেসিডেন্টকে পদচ্যুত করতে হলে উচ্চকক্ষ সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। সেই প্রক্রিয়া শুরু হবে নতুন বছরে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
১০০ আসনের সিনেটে অভিশংসনের জন্য প্রয়োজন দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭টি ভোট। বিশ্লেষকদের ধারণা, রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সিনেটে ট্রাম্পের অভিশংসিত হওয়ার সম্ভাবনা কম। এছাড়া প্রেসিডেন্ট যদি সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হন সেক্ষেত্রে তার বিচার হবে উচ্চ আদালতে।
ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ : গত জুলাইয়ে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে আগামী নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরুর চাপ দেন।
তা না করা হলে ইউক্রেনকে প্রতিশ্রুত মার্কিন সামরিক সহায়তা দেয়া হবে না বলে শর্ত জুড়ে দেন। এ ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অভিশংসন তদন্ত শুরুর পর কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়।
অভিশংসিত হওয়া তৃতীয় প্রেসিডেন্ট ট্রাম্প : ১৮৬৮ সালে মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির এন্ড্রু জনসন ও ১৯৯৮ সালে ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন।
কিন্তু সিনেটে তারা কেউই দোষী সাব্যস্ত হননি। ১৯৭৪ সালে অভিশংসন প্রক্রিয়া শুরুর আগেই পদত্যাগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন।
রাজনৈতিক উত্তাপ : অভিশংসন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। টিভি চ্যানেলগুলোতে বিতর্কে লিপ্ত হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের সমর্থকরা। বৃহস্পতিবারের প্রতিটি সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল একটাই- ‘ইমপিচমেন্ট’।
আগামী নির্বাচনে প্রভাব : আগামী বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এ নির্বাচনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। অভিশংসনের জেরে ডেমোক্রেটরা ট্রাম্পকে কিছুটা হলেও চাপে রাখতে পেরেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশি কমিউনিটির মূলধারার নেতা মোর্শেদ আলম যুগান্তরকে বলেন, যুক্তরাষ্ট্রে ৭-৮ শতাংশ ভোটার সব সময় সিদ্ধান্তহীনতায় থাকেন। তাদের ভোটের ওপর নির্বাচনের জয়-পরাজয় নির্ধারিত হয়।
ট্রাম্প সিনেটে চূড়ান্তভাবে অভিশংসিত না হলেও প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ায় এসব ভোটারকে নৈতিকভাবে নিজেদের পক্ষে টানতে পারবে ডেমোক্রেটরা। তবে নিউইয়র্ক সিটির বাসিন্দা ইঞ্জিনিয়ার নির্মল পাল বলেন, সিনেটে ট্রাম্পের অভিশংসন হওয়ার কোনো সুযোগ নেই।
সেখানে তিনি অভিযোগ থেকে অব্যাহতির পর আরও শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। রিপাবলিকানরাও সেক্ষেত্রে মানসিকভাবে চাঙ্গা থাকবেন এবং বিষয়টিকে নির্বাচনী প্রচারণায় আরও বেশি করে কাজে লাগাতে সক্ষম হবেন।