লিওনেল মেসির নবম ফিফটি, বার্সেলোনার দারুণ রেকর্ড

লিওনেল মেসির নবম ফিফটি, বার্সেলোনার দারুণ রেকর্ড।

নিজের ক্যারিয়ারের ২০১৩ সালটিকে অপছন্দ করতেই পারেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। কেননা সে বছরটির কারণেই টানা দশম ফিফটি হাঁকাতে পারেননি মেসি।

ভাবছেন ফুটবলার মেসি আবার ক্রিকেটের মতো ফিফটি হাঁকাবেন কী করে? মেসি ফিফটি হাঁকিয়েছেন সত্যিই। তাও একবার নয়। গত দশ বছরে নয়বারই পঞ্চাশ ছুঁয়েছে মেসির গোলসংখ্যা। হয়নি শুধু ২০১৩ সালে। সে বছর মেসি করেছিলেন ৪৫টি গোল।

শনিবার রাতে ঘরের মাঠে আলাভেজের বিপক্ষে নামার আগে চলতি বছর মেসির গোলসংখ্যা ছিল ৪৯। ম্যাচের ৬৯ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে ছয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করান মেসি। আর এতেই পূরণ হয় মেসির গোলের ফিফটি।

২০১০ সাল থেকে ২০১৯- টানা দশ বছরেই ফিফটি হতো মেসির। যদি না ২০১৩ সালে তিনি থামতেন ৪৫ গোলে। অথচ এর আগের বছরই বিশ্ব রেকর্ড ৯১টি গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। সবমিলিয়ে মেসির ক্যারিয়ারে গোলের ফিফটি এখন ৯টি।

এদিকে মেসির ফিফটির রাতে দারুণ এক রেকর্ড গড়েছে বার্সেলোনাও। ২০১১ সালের পর প্রথমবার পুরো বছরে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। এ বছর তারা খেলেছে ২৮টি ম্যাচ। জিতেছে ২৪টিতে, ড্র হয়েছে বাকি ৪টি।

গত ১০ বছরে মেসির গোলসংখ্যা

২০১০ – ৬০ গোল
২০১১ – ৫৯ গোল
২০১২ – ৯১ গোল
২০১৩ – ৪৫ গোল
২০১৪ – ৫৮ গোল
২০১৫ – ৫২ গোল
২০১৬ – ৫৯ গোল
২০১৭ – ৫৪ গোল
২০১৮ – ৫১ গোল
২০১৯ – ৫০ গোল

Comments (0)
Add Comment