নিউ ইয়র্কে ৩৮ কোটি বছরের পুরোনো জঙ্গল

নিউ ইয়র্কে ৩৮ কোটি বছরের পুরোনো জঙ্গল।

প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জঙ্গলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাস্ট্রের নিউইয়র্কের কায়রো শহরে বিশ্বের প্রাচীনতম এ জঙ্গলের খোঁজ মিলেছে। ‘কারেন্ট বায়োলজি’র সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এর আগে বিজ্ঞানীরা বিশ্বের প্রাচীনতম জঙ্গল হিসেবে নিউইয়র্কের গিলবোয়ায় জঙ্গলকে ধরে নিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে, গিলবোয়ার জঙ্গলের থেকেও প্রায় ২০-৩০ লাখ বছর পুরোনো কায়রোর অরণ্য। এর চরিত্রও আলাদা।

কায়রোর বিশাল গহ্বরের মধ্যে শিকড়ের মতো ছাপ প্রথম লক্ষ্য করেন নিউইয়র্ক স্টেট মিউজিয়ামের সদস্য ক্রিস্টোফার বেরি। কিন্তু বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তিনি।

তিনি ভেবেছিলেন, সম্প্রতি কোনও বড় গাছ ওখান থেকে উপড়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাটির চরিত্র পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হন, শিকড়ের এই ছাপ বহু বছরের পুরোনো।

এ বিষয়ে বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক এবং গবেষণাপত্রের মূল লেখক উইলিয়াম স্টেইন বলছিলেন, বিষয়টি সম্পর্কে সন্দেহ হতেই মাটির ও ধুলোর স্তর খুব সাবধানে সরিয়ে শুরু হয় ম্যাপিংয়ের কাজ।

স্টেইনের দল বলছে, বিধ্বংসী বন্যায় জঙ্গলের অধিকাংশ গাছ মরে গিয়েছিল, শিকড়গুলো জীবাশ্ম হিসেবে থেকে গেছে। এমনকি বড় বড় গাছের কাছে মাছের জীবাশ্মও মিলেছে।

ক্রিস্টোফার বেরি বলেন, ‘প্রাচীনতম এ জঙ্গলের খোঁজ অরণ্যে ঢাকা পৃথিবী এবং অরণ্যহীন পৃথিবীর পার্থক্য বুঝিয়ে দেয়। এ পৃথিবীতে ডায়নোসররা যে সময় এসেছিল, তারও প্রায় ১৪ কোটি বছর আগের এই জঙ্গল। এখানে মূলত তিন ধরনের গাছের খোঁজ মিলেছে, যার মধ্যে দু-ধরনের গাছ চরিত্রগতভাবে স্বতন্ত্র। গিলবোয়ার জঙ্গলের সঙ্গে সেগুলোর কোনও মিল নেই।’

Comments (0)
Add Comment