ক্রিসমাসে অনলাইনে কেনাকাটার রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রে।
চলতি বছর ক্রিসমাস উপলক্ষে যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটার হিড়িক পড়েছে। আগের বছরের তুলনায় এ বছর মানুষ অনলাইনেই বেশি কেনাকাটা করেছেন। মাস্টারকার্ড ইনক (এমএ.এন) বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর অনলাইনে বিক্রি ছিল সর্বোচ্চ। ছুটির দিনগুলোতে মানুষ অনলাইনেই বেশি কেনাকাটা করেছেন।
ক্রিসমাসে কেনাকাটার এই মৌসুম সেখানকার খুচরা ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বছরের প্রায় ৪০ শতাংশ কেনাকাটা এই মৌসুমেই হয়ে থাকে।
মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ তারিখ থেকে ক্রিসমাসের আগ পর্যন্ত চলতি বছর অনলাইনে বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা হয়েছে ১৪ দশমকি ৬ শতাংশ। ২০১৮ সালের তুলনায় যা ১৮ দশমিক ৮ শতাংশ বেশি।
মাস্টারকার্ডের শীর্ষ উপদেষ্টা স্টিভ স্যাডোভ বলেন, চলতি বছর অনলাইনে কেনাকাটার রেকর্ড হয়েছে। অনেক বেশি মানুষ অনলাইনেই তাদের ক্রিসমাসের কেনাকাটা করেছেন।
অনলাইনে কেনাবেচার জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ভোক্তাদের বেশ কিছু সুবিধা দেয়ায় ক্রিসমাসের এই সময়টা খুচরা ব্যবসায়ীদের জন্য ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যামাজনের কোনো পন্য ফেরত দেওয়ার জন্য ভোক্তাদের জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে এবং এক্ষেত্রে আলাদা কোনো চার্জ কাটা হবে না। আগে অ্যামাজনের ভোক্তারা এ ধরনের সুবিধা পেতেন না। এই ওয়েবসাইট থেকে ছোট কোনো পন্য কিনলেও একই সুবিধা মিলবে।
ন্যাশনাল রিটেইল ফেডারেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত দু’মাসে ক্রিসমাস উপলক্ষে বিক্রি বেড়েছে যথাক্রমে ৩ দশমিক ৮ শতাংশ এবং ৪ দশমিক ২ শতাংশ।