‘ভালোবেসে ‘ব্রো’ ডাকছে’

‘ভালোবেসে ‘ব্রো’ ডাকছে’

ঘটনাটা বাংলাদেশের গত ভারত সফরে, ইন্দোর টেস্টে। ম্যাচ হারের পর বিরাট কোহলি ও ইমরুল কায়েসকে দেখা যায় পুরস্কার বিতরণী মঞ্চে একান্ত আলাপচারিতায়।

ইন্দোর টেস্টে দুই ইনিংসেই ইমরুল রান পাননি। কোহলির ব্যাটও হাসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ক্রিকেটারের ছবি ভাইরাল হয়। তাতে বিভিন্ন ক্যাপশন লেখা থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘ইমরুল ব্রো-র থেকে ব্যাটিং টিপস নিচ্ছেন কোহলি!’

সেখান থেকেই ভাইরাল হয় ইমরুল ‘ব্রো’ ডাকটি। ভারত সফরজুড়েই আলোচনায় ছিল ডাকটি। বর্তমান ক্রিকেটাররা কেউই সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে নেই। সবকিছুই আসে তাদের নজরে। ইমরুলেরও চোখ এড়ায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব ট্রল নিয়ে গত দুদিন একাধিক গণমাধ্যমে কথা বলেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।

বিপিএলে তার ব্যাট হাসছে। হাসছেন ইমরুল কায়েসও। তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও উড়ছে বিপিএলে। সবকিছুই তার পক্ষে যাচ্ছে। কিন্তু থামছে না তাকে নিয়ে ট্রল। অনেকটা নিরুপায় হয়েই আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন এসব নিয়ে।

হাসতে হাসতে ইমরুল বলেন, ‘কেউ যদি আমাকে ইমরুল ‘‘ব্রো’’ বলে মজা পায় তাহলে পাক না! আমার কোনো আফসোস নেই। আমাকে ভালোবেসে ডাকছে। ডাকুক না সমস্যা নেই।’ ক্রিকেটারদের এমন আর্তনাদ কি কানে পৌঁছাবে সমালোচকদের!

Comments (0)
Add Comment