অপারেশন টেবিলে পল পগবা

অপারেশন টেবিলে পল পগবা।

গোড়ালির ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। সেরে উঠতে তাকে অস্ত্রোপচারের টেবিলেও বসতে হচ্ছে। এ জন্য ফরাসি তারকাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

ম্যানইউ বস ওলে গানাল সুলশার বিষয়টি নিশ্চিত করেছেন। গেল বুধবার আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ের পর তিনি এ তথ্য দেন।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পগবা। ১০ দিন আগে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামেন তিনি। এ নিয়ে প্রায় ৩ মাস পর ইনজুরি কাটিয়ে ফেরেন ২৬ বছর বয়সী ফুটবলার। ৪ দিন পর নিউক্যাসলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে খেলেন তিনি।

সুলশার জানিয়েছেন, পগবার স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে মূল একাদশে খেলেন পগবা। প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের মাঝমাঠে তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে।

এর আগে স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে ইনজুরির কারণে ২ মাস মাঠের বাইরে চলে যাওয়ায় মধ্যমাঠ নিয়ে দারুণ দুঃশ্চিন্তায় পড়েছেন সুলশার।

তিনি বলেন, স্কটও দলের বাইরে রয়েছে। যে কারণে পগবার অনুপস্থিতি দলকে শংকায় ফেলেছে। তবে আগামী ১ মাসের মধ্যে পগবা ফিরে আসবে বলে আশা করছি।

মৌসুমের শুরুতে ইউনাইটেড ছাড়ার আগ্রহ প্রকাশ করেন পগবা। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে তার ভবিষ্যত নিয়ে প্রথম থেকেই শংকা ছিল। ইতিমধ্যে এ মিডফিল্ডারের ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছুই হচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Comments (0)
Add Comment