২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রেকর্ডকে সঙ্গী করে ক্যারিয়ারকে এগিয়ে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত এক দশকে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে অসংখ্যবার রেকর্ড বইয়ে ঘষামাজা করেছেন। নতুন দশকেও আরো অনেক রেকর্ড ভাঙার হাতছানি রোনালদোর সামনে। চলতি বছরেই নতুন কিছু রেকর্ডে ভেঙে গড়তে পারবেন পর্তুগালের এই তারকা ফুটবলার। ক্লাব ফুটবলে জুভেন্টাসে খেলা রোনালদোর তেমনই কিছু রেকর্ড তুলে ধরা হলো রাইজিংবিডির পাঠকদের জন্য।

সর্বোচ্চ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় :

ক্লাব ক্যারিয়ারে মোট পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একবার ও রিয়াল মাদ্রিদের জার্সিতে চারবার। সর্বশেষ ২০১৮ সালে লিভারপুলকে হারিয়েছেন রিয়ালের জার্সিতে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ‘তুরিনের বুড়োদের’ ইউরোপ সেরা না হতে পারার আক্ষেপ ঘোচাতে। সর্বশেষ ২৪ বছর আগে ১৯৯৬ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছিল টানা আটবারের সিরি’আ লিগ চ্যাম্পিয়নরা। রোনালদো আশা করছেন এবারই শিরোপার স্বাদ নিবে জুভেন্টাস। যদি তাই হয় তাহলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতবেন রোনালদো। এর আগে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ ৬ বার ইউরোপ সেরা হওয়ার স্বাদ পেয়েছেন রিয়ালের সাবেক তারকা ফ্রান্সিসকো গেন্তো।

ইউরোর সর্বাধিক গোলের রেকর্ড :

ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ৯টি গোলের মালিক ফ্রান্সের মিশেল প্লাতিনি ও পর্তুগালের রোনালদো। চলতি বছর ইউরোতে আর একটি গোল করলে এককভাবে রেকর্ডটি নিজের করে নিবেন রোনালদো।

সর্বাধিক চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিক :

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদো প্রতিযোগিতাটিতে ৮টি হ্যাটট্রিক করেছেন। সমান সংখ্যক হ্যাটট্রিক আছে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। চলতি বছর জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক পেলে মেসিকে পেছনে ফেলার সুযোগ থাকবে রোনালদোর।

ইউরোপের শীর্ষ তিনটি লিগের সেরা গোলদাতা :

ইতালিয়ান সিরি’আ লিগে জুভেন্টাসের হয়ে চলতি মৌসুমে ১০টি গোল করেছেন রোনালদো। এবারের আসরে যা চতুর্থ সর্বোচ্চ। ১৭ গোল নিয়ে শীর্ষে আছেন লাৎসিরর সিরো ইম্মোবিলে। মৌসুমে এখনো ২১টি করে ম্যাচ বাকি। রোনালদোর সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকছে। এবার সর্বোচ্চ গোলদাতা হলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি লিগে গোলদাতার শীর্ষে থাকার রেকর্ড গড়বেন রোনালদো। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল :

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল ইরানের আলী দায়ীর, ১০৯টি। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে রোনালদোর মোট গোল ৯৯টি। আর ১১ গোল করলে আলী দায়ীকে টপকে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হবেন রোনালদো।

Comments (0)
Add Comment