যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে এলেন বাংলাদেশ বিমানের ২৮৮জন যাত্রী

যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে এলেন বাংলাদেশ বিমানের ২৮৮জন যাত্রী।

প্রথম বারের মতো যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। ২৮৮ জন যাত্রী নিয়ে বোয়িং-৭৮৭ ‘সোনার তরী’ বিমানটি আজ সোমবার দুপুর ১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

২৯৮ যাত্রী ধারণক্ষমতার প্লেনটি ২৮৮ জন যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করেছে। যাত্রীদের মধ্যে ২৭৮ জনই সিলেটের এবং বাকিরা ঢাকার।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ম্যানচেস্টার থেকে সপ্তাহে তিন দিন (সোম, বুধ, শুক্রবার) সিলেটে বিমান নামবে। এরপর সেটি যাবে ঢাকায়। প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা-ম্যানচেস্টার রুটে আবার ফ্লাইটটি চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (৫ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ রুটের উদ্বোধন করেন।

Comments (0)
Add Comment