শ্বশুরের জন্য হলেও উমর আকমল যেন ভালো হয়

পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির মারা গেছেন কিছুদিন হলো। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাদিরের চলে যাওয়া বড় ধাক্কা হয়েই এসেছিল ক্রিকেট দুনিয়ার জন্য। ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেট তারকার মেয়েকে বিয়ে করেছেন হালে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র উমর আকমল। নানা বিতর্কে জেরবার আকমলকে এবার তাঁর শ্বশুরের কথা মনে করেই সংশোধনের আহ্বান জানিয়েছেন আরেক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ।

উমরকে সম্প্রতি দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৪.৭.১ ধারা অনুযায়ী উমরের অপরাধ, তিনি পিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা করেননি। কেবল এটিই নয়, উমর কিছুদিন ধরেই নানা কারণে সংবাদের শিরোনাম হয়ে চলেছেন। কিছুদিন আগে পিসিবি ক্রিকেট একাডেমিতে একজন ফিটনেস ট্রেনারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা কথাবার্তা লিখে ট্রল হওয়ার ব্যাপারটি তো আছেই।

মিয়াঁদাদ তাঁর বন্ধু কাদিরের কথা উল্লেখ করে উমরকে রীতিমতো হুমকিই দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘উমর আকমল, তোমার শ্বশুর আবদুল কাদির ছিলেন একজন গ্রেট ক্রিকেটার। তিনি ছিলেন আমার সতীর্থ ও বন্ধু। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি যদি নিজের ব্যবহার না শুধরাও, তাহলে আমি আমার বন্ধুর হয়ে তোমাকে দায়ী করব। আমি আকমলের মা–বাবাকে অনুরোধ করছি, তাঁরা যেন তাঁদের ছেলেকে নিয়ন্ত্রণের মধ্যে আনেন।’

মিয়াঁদাদ অভিযোগ করেন, ‘উমরের আচার-আচরণ পাকিস্তানের অগণিত ক্রিকেটারকে লজ্জায় ফেলছে। সে অনেক টাকা-পয়সা কামাতে পারে, কিন্তু প্রতিনিয়ত তার আবোল-তাবোল আচরণ রীতিমতো অগ্রহণযোগ্য। তাঁর এমন আচরণ করা উচিত, যেন ক্রিকেট ছাড়ার পরেও সবাই তাঁকে সম্মান করে, শ্রদ্ধা করে।’

Comments (0)
Add Comment