একরাতে নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সেখানকার গভর্নর এন্ড্রু কোমো। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় কেন্দ্রীয় সরকারকে আরও টেস্ট কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য অনুরোধ করেছেন তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন চিহ্নিত রোগীদের মধ্যে নিউইয়র্ক সিটির দু’জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে করোনার সাধারণ লক্ষণগুলি অল্পমাত্রায় ছিল। অনেকের ক্ষেত্রে আবার একেবারেই ছিল না। পরীক্ষার পরেই ধরা পড়েছে তারা করোনা পজেটিভ।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কোমো এক বিবৃতিতে বলেন, বাড়তি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা এ পরিস্থিতি অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ন্ত্রণ করছি। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা জনগণকে অবহিত করা হবে।

এর আগে গত ৩ মার্চ নিউইয়র্কে প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়। সে সময় গভর্নর কোমো বলেন, সিওভিডি-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত এ নারীকে তার ঘরে আইসোলেটেড করে রাখা হয়েছে। এ রোগী শ্বাসকষ্টে ভুগছেন, তবে তেমন সিরিয়াস নয়। নিউইয়র্কে পৌঁছার পর থেকে তাকে একটি নিয়ন্ত্রিত পরিস্থিতির ভেতরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এটা অপ্রত্যাশিত ছিল না। আমি প্রথম থেকেই বলছিলাম, বিশ্ব পরিস্থিতি যেভাবে যাচ্ছিল, নিউইয়র্কে করোনাভাইরাসের পজিটিভ কেস যে পাওয়া যাবে এটা শুধু সময়ের ব্যাপার।

নতুন এ ভাইরাসটি শ্বাসকষ্টজনিত রোগের জন্ম দেয়। এ পর্যন্ত বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ৩ হাজারর ওপর এরই মধ্যে মারা গিয়েছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে।

Comments (0)
Add Comment