যুক্তরাষ্ট্র অফিস: নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে প্রার্থী মিসবা আবদীনের সমর্থনে ফান্ড রেইজিং অনুষ্ঠিত হলো গত বৃহস্পতিবার রাতে। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশী আমেরিকান উপস্থিত ছিলেন।
ডেমোক্রেটিক লিডার ও ফাউমা ইউনোভেটিভের সিইও ফাহাদ সোলায়মান এবং ব্যবসায়ী নেতা এ. আলম নমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিস্ট্রিক্ট-৩৭ প্রাইমারি নির্বাচনে প্রার্থী মিসবা আবদীন। তিনি বলেন, এই প্রবাসে তিনি বাংলাদেশী কমিউনিটির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। বাংলাদেশী কমিউনিটির সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, আমি এই কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই। বাংলাদেশী কমিউনিটিকে মূলধারায় অনেক উপরে দেখতে চাই। আর এজন্যই সিটি কাউন্সিলে প্রার্থী হয়েছি। তিনি প্রাইমারিতে বিজযী হতে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-১৪ থেকে ডেমোক্রেট প্রাইমারিতে কংগ্রেসউয়োম্যান প্রার্থী বদরুন খান মিতা, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসাযী মইনুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি রাশেদ আহম্মেদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সভাপতি লাবলু আনসার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান মিসবা আবদীন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মূলধারায় রাজনীতি করছেন। তিনি বাংলাদেশী আমেরিকানদের ক্রীড়া সংগঠস বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা। বর্তমানে এই সংগঠনের নবনির্বাচিত সভাপতি। এছাড়া মূলধারার যুব সংগঠন বাকডিসের অন্যতম কর্মকর্তা তিনি।
–