ভারতের স্বপ্নভেঙে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ভারত। স্বপ্ন দেখেছিল বাজিমাত করার। কিন্তু প্রতিপক্ষ দলটি যখন ছয়বারের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া, তখন স্বপ্নভঙের দোলাচল সামনে এসেই যায়। ব্যতিক্রম হয়নি ফাইনালে। ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। বেথ মুনির অপরাজিত ৭৮ ও আলিসা হিলির ৭৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। সেই রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় ভারত।

ভারতের নারীদের দাঁড়াতেই দেননি মেগান শট ও জস জোনাসেন। শট ৩.১ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর জোনাসেন ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট।

ব্যাট হাতে ভারতের দীপ্তি শর্মা সর্বোচ্চ ৩৩ রান করেন। ১৯ রান করেন ভেদা কৃষ্ণমূর্তি। রিচা ঘোষ ১৮ ও শ্রীমতি মান্দানা ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

তার আগে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ আসে দুই ওপেনারের ব্যাটে চড়ে। আলিসা হিলি ও বেথ মুনি শুরু থেকেই ভারতের বোলারদের দিশেহারা করে দেন। ১১.৩ ওভারে ১০ রান রেটে তারা দুজন তোলেন ১১৫ রান। এই রানে আউট হওয়ার আগে হিলি ৩৯ বলে করে ৭৫ রান। যার মধ্যে ৭টি চার ও ৫টি ছয়ের মার ছিল।

হিলি আউট হওয়ার পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তাতে ১৮৪ রানেই থামে তাদের ইনিংস। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মেগ ল্যানিংকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন ওপেনার বেথ মুনি। ল্যানিং ১৬ রানে আউট হওয়ার পর মাঠে নামা আর কোনো ব্যাটসম্যান পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে। তবে মুনি এক প্রান্ত থেকে মারমুখী ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ৫৪ বলে ১০ চারে ৭৮ রান করে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেন মুনি।

ভারতের পক্ষে দিপ্তী শর্মা ৩৮ রানে নেন ২ উইকেট।

ফাইনালে ম্যাচসেরা হন আলিসা হিলি। আর টুর্নামেন্ট সেরা হন বেথ মুনি। ৬ ম্যাচে তিনি ২৫৯ রান করেন। ফাইনালে তিনি করেন ৭৮ রান। সেমিফাইনালে করেন ২৮ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬০ রান। বাংলাদেশের বিপক্ষে করেন অপরাজিত ৮১ রান। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৬ রান করে।

Comments (0)
Add Comment