প্রায় তিন মাস ধরে চলেছে কেন্দ্রীয় চুক্তির কাজ।
কাগজে-কলমে হয়েছে পারফরম্যান্সের চুলচেড়া বিশ্লেষণ। প্রথমবারের মতো সাদা ও লাল বলের ক্রিকেটারদের আলাদা করায় নির্বাচকদের কাজটাও ছিল কঠিন। তাদের তৈরি করা তালিকা ক্রিকেট পরিচালনা বিভাগ ঘুরে গেছে বোর্ডের পরিচালকদের হাতে। সেখানে হয়েছে অনুমোদন। অনুমোদিত সেই তালিকা গণমাধ্যমে প্রকাশ করেছে বোর্ড। কিন্তু দেখা গেল, সেই তালিকায় নেই সৌম্য সরকারের নাম।
তিন ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার গত বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন। পারফরম্যান্স আহামরি খারাপও নয়। তাকে না নেওয়ার কারণ কি? জানতে চাওয়া হয়েছিল নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর কাছে।
তার ব্যাখ্যা, ‘ওর নাম ভুলে বাদ পড়েছিল। শুরু থেকেই সৌম্য আমাদের পরিকল্পনায় ছিল এবং আরা অনেক নাম নিয়ে কাজ করেছি। কোনো একটা সময় হয়তো ওর নাম কাটা পড়ে গেছে।’
গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ২৫ ম্যাচ খেলেছেন সৌম্য। প্রসঙ্গত, গত বছরও সৌম্য ছিলেন না কেন্দ্রীয় চুক্তিতে। তবে চুক্তিতে না থাকলেও তার আর্থিক ক্ষতি হয়নি। পুরো বছর জাতীয় দলের সঙ্গে থাকায় নির্দিষ্ট ক্যাটাগরিতে পারিশ্রমিক পেয়ে এসেছেন। এবার তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে।
‘সৌম্যকে সাদা বলের ক্রিকেটের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ঢোকানো হচ্ছে। শিগগিরই তার নাম প্রকাশ করা হবে।’ – যোগ করেন মিনহাজুল আবেদীন।