করোনাভাইরাস মোকাবেলায়, ভিডিও কনফারেন্সে সার্ক দেশের নেতারা।

সার্কভুক্ত আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা, নভেল করোনাভাইরাস মোকাবেলায় সম্মিলিত কর্মপন্থা ঠিক করতে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন।

কভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারী আকার ধারণ করার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রোববার বিকাল সাড়ে ৫টায় শুরু হয়েছে এই ভিডিও কনফারেন্স।

ভিডিও কনফারেন্সে মোদীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।

শুক্রবার সকালে এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় এক সঙ্গে কাজ করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান মোদী।

তিনি বলেছিলেন, “আমাদের নাগরিকদের কীভাবে সুস্থ রাখা যায়, সে বিষয়ে আমরা ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি।”

এরপর বাংলাদেশসহ অন্য সাত সার্ক সদস্য দেশ তার সেই আহ্বানে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার কথা জানায়।

ভিডিও কনফারেন্স সম্পর্কে শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ”ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাতটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান এবং পাকিস্তানের হেলথ অ্যাডভাইজার ভিডিও কনফারেন্সে যোগ দিবেন। আলোচনা হওয়ার পরে সে সম্পর্কে জানানো হবে।”

ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ টেলিভিশনে এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Comments (0)
Add Comment