দর্শকদের মুশফিকুর রহিমের অনুরোধ

চারপাশে করোনা আতঙ্ক বিরাজমান। কে কখন এতে আক্রান্ত হন তা বলা মুশকিল। তবে একটু সতর্ক হলেই প্রাণঘাতী এ ভাইরাস এড়ানো যায়। যেমনটি বললেন বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিমও।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় করোনা নিয়ে দেশবাসীকে অনুরোধ জানিয়ে মিস্টার ডিপেন্ডেবল বলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দেখেছি। মাঠে একজনও দর্শক নেই। অসংখ্য বল সীমানা পেরিয়েছে, গ্যালারিতে গিয়ে আছড়ে পড়েছে। প্রত্যক্ষ করেছি, লকি ফার্গুসন নিজে গিয়ে বল কুড়িয়ে এনেছেন।

হয়তো অস্ট্রেলিয়া বলেই তা সম্ভব হয়েছে। দেশটির সরকার মানা করায় মাঠে দর্শক সমাগম ঘটেনি। ভিড় এড়াতে সচেতন সেখানকার জনগণ। তবে বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। এখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এতে ভেন্যুতে গিয়ে খেলা দেখতে দর্শকদের মানা করেছে বিসিবি। কিন্তু দেশের ক্রিকেটপ্রেমীরা কী তা মানবেন? মুশফিকের যত ভয় এখানেই। তাই তাদের অনুরোধ করেছেন তিনি।

দর্শকদের উদ্দেশে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, আপনারা সচেতন থাকেন। গ্যালারিতে বসলেও দূরত্ব বজায় রাখুন। সবাই মাস্ক ব্যবহার করুন। একজনের হলে অন্যজন আক্রান্ত হতে পারেন। আমি মনে করি, আপনাদের অবশ্যই সচেতন থাকা উচিত। তারা আমাদের ভালোবাসলে, আমাদেরও তাদের ভালোবাসা উচিত। আমার অনুরোধ থাকবে, সবাই সচেতন থাকুন।

এবারের ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন মুশফিক। অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে দলটির হয়ে তিনি অভিষেকটা রাঙিয়েছেন সেঞ্চুরি দিয়ে। তার ১২৪ বলে ১২৭ রানের (১১টি চার ও ৪টি ছয়) দুর্দান্ত ইনিংসে মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮১ রানে হারিয়ে জয়ে যাত্রা শুরু করেছেন তারা।

Comments (0)
Add Comment