নবীনগরে ১৩৩৫ বিদেশ ফেরতের মধ্যে খোঁজ মিলেছে মাত্র ১৯ জনের

করোনা আতংক মারাত্মক আকার ধারণ করার পর চলতি মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন দেশ (বিদেশ) থেকে এ পর্যন্ত  ১৩৩৫ জন প্রবাসী ফিরেছেন।

বৃহস্পতিবার সরকারের উর্ধতন সংশ্লিষ্ট দপ্তর থেকে এমন একটি তথ্য সম্বলিত তালিকা নবীনগরের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এসে পৌঁছেছে। তবে এদের মধ্য থেকে মাত্র ১৯ জন প্রবাসির খোঁজ মিলেছে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান।

নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান ১৩৩৫ জন প্রবাসির সত্যতা নিশ্চিত করে  জানান, বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্ট উর্ধতন দপ্তর থেকে ১৩৩৫ জনের একটি তালিকা নবীনগরে পাঠানো হয়। যেখানে বলা হয়েছে, সম্প্রতি এই প্রবাসিরা বিভিন্ন দেশ থেকে নবীনগরে ফিরেছেন। এ অবস্থায় এদেরকে খুজে বের করে দ্রুত যেন হোম কোয়ারেন্টিনে থাকার সু ব্যবস্থা করা হয়, সে বিষয়েও নির্দেশনা রয়েছে।

তবে প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ১৩৩৫ জনের সংখ্যার একটি দীর্ঘ তালিকা সরকার পাঠালেও, এতে কারও পুরো নাম ঠিকানা ও ফোন নম্বর না থাকায় করোনা ভাইরাস নিয়ে কাজ করা নবীনগরের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা পড়েছেন বেশ বেকায়দায়। এরপরও মনিটরিং কমিটির লোকজন নিজস্ব নানা সূত্র ও কৌশল অবলম্বন করে ইতিমধ্যে গত দুইদিনে এ পর্যন্ত ১৯ জন প্রবাসীর খোঁজ সংশ্লিষ্টরা নিশ্চিত করতে পেরেছেন।

নবীনগরের এক সিনিয়র সাংবাদিক বলেন,”এই ১৩৩৫ জন প্রবাসীর মধ্যে যারা নবীনগরের বিভিন্ন স্থানে অবস্থান করছেন, তাদেরকে দ্রুত খুঁজে বের করতেই হবে। আর এই কাজটি নবীনগরের সংশ্লিষ্ট প্রশাসনের যারা দায়িত্ব নিয়ে  করছেন, তাঁদের একার পক্ষে পুরোটা হয়তো কোনভাবেই সম্ভব হবেনা। সেক্ষেত্রে সাধারণ মানুষকে প্রশাসনের সেইসব কর্মীকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, ‘প্রতিটি পাড়া মহল্লায় কারা বিদেশ থেকে সম্প্রতি এসেছেন, সেটি কেবল ওই পাড়া মহল্লার লোকজনই জানেন। তাই, সেই খবরটি প্রশাসনের সংশ্লিষ্টরা না জানলেও (যেহেতু ১৩৩৫ জনের পুরো নাম ঠিকানা নেই) স্ব সস্ব পাড়া মহল্লার লোকজন ঠিকই জানেন।

তাই আর দেরী না করে এখনই স্ব স্ব পাড়ায় বিদেশ থেকে ফিরে আসা সেইসব প্রবাসী লোকগুলোর নাম ঠিকানা সংগ্রহ করে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত সবাইকে পৌঁছে দিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম  বলেন,”আমরা ১৩৩৫ জনের তালিকা ইতিমধ্যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পৌঁছে দিয়ে দ্রুত কাজ করতে নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে আমরা মিডিয়াসহ সকলের সার্বিক সহযোগিতাও কামনা করছি।”

Comments (0)
Add Comment