‘নিজের আত্মাও বিক্রি করে দিয়েছে কানেরিয়া’

ম্যাচ ফিক্সিং ও পাকিস্তান ক্রিকেট- শব্দ দুইটি যেন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ব্যাপারটা এমন হয়ে গেছে, না চাইলেও ফিক্সিং নিয়ে কথা বলার সময় চলে আসে পাকিস্তানি ক্রিকেটারদের নাম। ঠিক যেমনটা হয়েছে খোদ দুই পাকিস্তানি ক্রিকেটারের কথোপকথনেই।

পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ফিক্সিংয়ের কারণেই। তাও সেটি পাকিস্তানে নয়, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ফিক্সিং করে ধরা পড়েছেন তিনি। যার শাস্তি ভোগ করছেন এখনও ক্রিকেট থেকে নির্বাসনে থেকে।

তার এই কৃতকর্ম নিয়েই এবার খোঁচা মারতে ছাড়েননি পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সময়ে ২৬ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলা ফয়সাল ইকবালের মতে, টাকার লোভে নিজের আত্মাই বিক্রি করে দিয়েছিলেন কানেরিয়া।

ফয়সাল অবশ্য এমন কিছু মন্তব্য নিজ থেকে করেননি। তাকে উসকে দিয়েছেন খোদ কানেরিয়াই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বল ডিফেন্ড করায় ব্রায়ান লারাকে স্লেজিং করছেন কানেরিয়া। পরে সেই ওভারেই ৩ ছক্কা ও ২ চারের মারে ২৬ রান নিয়েছেন লারা।

গত কয়েকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে এ ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। সেই ম্যাচ সম্পর্কে নিজের স্মৃতি মনে করতে গিয়ে ফয়সাল টুইটারে লিখেছিলেন, ‘আমার এখনও মনে আছে, সেদিন আমি দ্বাদশ খেলোয়াড় ছিলাম। লারার ডাবল সেঞ্চুরির পথে তার বিশাল ছক্কাগুলো গ্যালারিতে পড়তে দেখছিলাম। সত্যিই মূর্খের মতো স্লেজিং করেছিল কানেরিয়া। পরে আবার রাজার (লারা) চোখরাঙানিতে নিজেই ভয় পেয়ে গেছিল।’

সাবেক সতীর্থের এমন মন্তব্য হজম করতে পারেননি কানেরিয়া। ফয়সাল মন্তব্যের রিটুইটে তিনি লিখে দেন, ‘দেখুন! কে ক্রিকেট নিয়ে কথা বলছে! দয়া করে নিজের পরিসংখ্যান দেখে আসো আগে। আমি যেসব ম্যাচ জিতিয়েছি, সেসব নিয়ে কথা বলো পারলে। যাই হোক, লারা কিংদবন্তি ক্রিকেটার। আমি তাকে সম্মান করি।’

কানেরিয়ার এই খোঁচা সহ্য হয়নি ফয়সালেরও। ফলে তিনি দেন মোক্ষম জবাব। সরাসরি প্রশ্ন তোলেন কানেরিয়ার সততা নিয়েই। একইসঙ্গে জানিয়ে দেন, ক্যারিয়ারে যত রানই করেছেন, তার পুরোটাই ছিলো স্বচ্ছ এবং সততার সঙ্গে খেলেই করা।

উল্লেখ্য, সাড়ে পাঁচ বছরের ক্যারিয়ারে ২৬ টেস্টে ১১২৪ ও ১৮ ওয়ানডেতে ৩১৪ রান করেছেন ফয়সাল। দুই ফরম্যাটেই রয়েছে ১টি করে সেঞ্চুরি। সম্পর্কে পাকিস্তানের সাবেক কোচ জাভেদ মিঁয়াদাদের ভাতিজা হলেও, তেমন কোন অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ নেই তার বিরুদ্ধে।

ফলে স্বাভাবিকভাবেই চুপ থাকেননি ফয়সাল। পাল্টা জবাবে তিনি লিখে দেন, ‘(আমার পরিসংখ্যান) একজন ফিক্সার ও মিথ্যাবাদীর চেয়ে অনেক ভালো। যে কি না বছরের পর বছর টাকার লোভে নিজের আত্মাও বিক্রি করে দিয়েছে। আর এখন ধর্মের অপব্যবহার করে সুবিধা নিতে চাইছে। আমি গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি পরেছি এবং বলতে পারব, আমার অর্জিত সকল রান স্বচ্ছ এবং পবিত্র।’

যেই ম্যাচ নিয়ে এত তুলকালাম, সেই ম্যাচে অধিনায়ক ছিলেন ইনজামাম উল হক। এই কয়েকদিন আগে তিনিও জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। ইনজামাম জানিয়েছেন, মূলত তিনিই বলেছিলেন কানেরিয়াকে, যেন লারাকে উত্যক্ত করে তার উইকেট তুলে নেয়ার চেষ্টা করে।

সেই ম্যাচের কথা মনে করে ইনজামাম বলেছিলেন, ‘কানেরিয়া একটা গুগলি বল করল, যেটা লারা সোজা ব্যাটে খেলেছিল। তখন কানেরিয়া বলেছিল, ভাল খেলেছ লারা। উত্তরে লারা শুধু বলেছিল, ঠিক আছে স্যার। আর পরের বলগুলো সোজা বাউন্ডারির ওপারে।’

‘আমি যেহেতু অধিনায়ক ছিলাম, তাই আমি কানেরিয়ার কাছে গিয়ে বলেছিলাম, সে যেন লারাকে আরও উত্যক্ত করে। আমার মনে হয়েছিল, লারাকে রাগিয়ে দিলে হয়তো কোন ভুল করে নিজের উইকেট দিয়ে বসে। আমি সব ফিল্ডারদের সীমানায় দাঁড় করালাম। কিন্তু তাও সে (লারা) কানেরিয়াকে অবলীলায় উড়িয়ে মারছিল।’

Comments (0)
Add Comment