বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে: অ্যামনেস্টি

গত বছর সারা বিশ্বে কমপক্ষে ১ হাজার ৬৩৪টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ সংখ্যা ১৯৮৯ সালের চেয়ে ৫০ শতাংশ বেশি। অর্থাৎ বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার হার বেড়েছে বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে। আজ বুধবার এএফপির খবরে বলা হয়, লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান মৃত্যুদণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে বিশ্বব্যাপী এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, ইরান, পাকিস্তান ও সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার হার বেড়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার উল্লিখিত সহস্রাধিক ঘটনার মধ্যে চীনকে রাখা হয়নি। দেশটির ভেতর হাজারো নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে তথ্য রয়েছে। অ্যামনেস্টি জানায়, মৃত্যুদণ্ডের তথ্যের বিষয়টিকে বেইজিং ‘রাষ্ট্রীয় গোপনীয়তার অংশ হিসেবে গণ্য করে’। ভিয়েতনাম ও বেলারুশও তাই মনে করে। ২০১৪ সালে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই বছর ১ হাজার ৬১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা ছিল ৫৪ শতাংশ। ওই বছর এসব মৃত্যুদণ্ডের প্রায় ৮৯ শতাংশ কার্যকর করা হয় ইরান, পাকিস্তান ও সৌদি আরবে। অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি বলেন, গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির বিষয়টি স্বাভাবিক ধারাকে ব্যাহত করেছে। গত ২৫ বছর ধরে বিশ্বজুড়ে অনেক দেশে বহু মানুষকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ইরান, পাকিস্তান ও সৌদি আরবে পক্ষপাতদুষ্ট বিচারের পর নজিরবিহীনভাবে মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুল হামলার পর মৃত্যুদণ্ডের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা স্থগিত করে পাকিস্তান। গত বছর সারা বিশ্বে ৩২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর মধ্যে সৌদি আরবেই রয়েছে ১৫৮ জন। অ্যামনেস্টি বলছে, ইরান কমপক্ষে ৯৭৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গত বছর ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের চুক্তির পরও এ মৃত্যুদণ্ড কার্যকর হয়। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা উপপরিচালক জেমস লিঞ্চ বলেন, ‘পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক ও বাণিজ্য মিশন তৈরি করা শুরু করেছে।’ এএফপিকে তিনি বলেন, যেসব দেশে মানবাধিকার পরিস্থিতি একেবারে কোণঠাসা, সেসব দেশে ঝুঁকি কমছে না। ২০১৫ সালের বিশ্বের ২৫টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শিরশ্ছেদ, ফাঁসি, প্রাণঘাতী ইনজেকশন প্রদান ও গুলির মাধ্যমে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টি বলেছে, ইরানে চারজন ও পাকিস্তানে কমপক্ষে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাদের বয়স ছিল ১৮ বছরের কম। যুক্তরাষ্ট্রে ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Comments (0)
Add Comment