ইতালি সরকার রোনালদোদের অনুশীলন করার অনুমতি দিল 

ইতালিয়ান ফুটবল লিগের ক্লাবগুলো অবশেষে মাঠে অনুশীলন করার অনুমতি পেল । ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে এই অনুমতি দিয়েছেন। তিনি জানান, সিরি-আর পেশাদার ফুটবল ক্লাবগুলো আগামী ১৮ মে থেকে অনুশীলনে ফিরতে পারবে। জুভেন্তাসের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন নিজ দেশ পর্তুগালে আছেন। বিমান যাতায়াত শুরু না হলে বিদেশি ফুটবলারদের ইতালি ফেরার কোনো সুযোগ নেই।

ইতালির ক্রীড়া মন্ত্রী ভিনসেঞ্জো স্প্যাডাফোরা বলেন, ‘আমরা সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করেছি। তারা আমাদের মাঠে ফেরার অনুমতি দিয়েছে। তবে খেলোয়াড়দের যাতে কোনো স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে না হয়, সেদিকে আমরা কঠোরভাবে খেয়াল রাখব।’

১৮ মে থেকে দলগতভাবে অনুশীলনের অনুমতি মিললেও, ৪ মে থেকে এককভাবে খেলোয়াড়রা আলাদা-আলাদাভাবে অনুশীলন করতে পারবে বলে জানান স্প্যাডাফোরা, ‘১৮ মে থেকে দলগতভাবে অনুশীলন করার অনুমতি দিয়েছে সরকার। তবে ৪ মে থেকে খেলোয়াড়রা আলাদা-আলাদা সময়ে অনুশীলনে ফিরতে পারবে।’

গত ৯ মার্চ থেকে সিরি-আ স্থগিত ঘোষণা করা হয়। আগামী জুনে পুনরায় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে সিরি-আ কর্তৃপক্ষ। তবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে লিগ চলবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই মাঠে প্রবেশের অনুমতি পাবে সমর্থকরা। প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সাথে পরামর্শ করেই এই সিদ্বান্ত নেয়া হয়েছে। তবে সরকারের সকল নিয়ম-নির্দেশনা মানতে হবে।’

Comments (0)
Add Comment