বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে।
সাগর, পাহাড় আর দ্বীপের সৌন্দর্যের আকর্ষণে ছুটে আসা দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াতকে আরো সহজ ও আরামদায়ক করতে এই বিমানবন্দরের সম্প্রসারণকাজ চলছে।
গতকাল মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে যাত্রীদের জন্য নবনির্মিত লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাঁচ হাজার ১৭৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে শক্তি বৃদ্ধি করার পাশাপাশি এর দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১২ হাজার ফুট করা ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলমান।
এই বিমানবন্দরের উন্নয়নকাজ শেষ হওয়ার পর তা আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হলে কক্সবাজার নেপাল, ভুটান ও ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।