বাংলাদেশের সঙ্গে পুনরায় বিমান চালুর প্রস্তাব দিলো ভারত

মহামারির কারণে বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছে ভারত।
একইসঙ্গে তাদের এয়ার বাবলে যুক্ত হতেও প্রস্তাব করেছে ভারত।

বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাস সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।

করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করতে পাকিস্তান বাদে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এয়ার বাবল করার প্রক্রিয়া শুরু করেছে ভারত।
বাণিজ্যিক ফ্লাইট চালু করার উদ্দেশ্যে আন্তঃরাষ্ট্রীয় এয়ার বাবল তৈরি করতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের সঙ্গে এয়ার বাবল তৈরির প্রস্তাব দিয়েছে দেশটি।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া বিমান যোগাযোগ পুনরায় চালু করার প্রস্তাব দেন এবং ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন।
এ সময়ে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করার ব্যাপারে ভারতের আগ্রহের কথাও তিনি প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
জবাবে প্রতিমন্ত্রী ফ্লাইট পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.